ফেনীতে অস্ত্র মামলায় যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতা-কর্মীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
গতকাল সোমবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. দেলোয়ার হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী কাজী বুলবুল আহমদ বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তফা মামলার ২৬ আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গত ৬ জুন ফেনীর সোনাগাজীতে সভা শেষে ফেরার পথে ফেনী পৌর এলাকার লালপুল এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের গাড়িবহরে তল্লাশি চালায় র্যাব। এ সময় পাঁচটি শটগান, পাঁচটি পিস্তল, ১৬টি রামদাসহ ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করে র্যাব। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।