কারাবন্দী অভিযুক্তদের সব অভিযোগ খতিয়ে দেখা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে বিদ্রোহের মামলায় কারাগারে বন্দী কিছু অভিযুক্ত ব্যক্তি যথাযথ আইনি-সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে। কমিশন এসব অভিযোগ তদন্তে খুব শিগগির দেশের কয়েকটি কারাগার পরিদর্শনে যাবে। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। পিলখানায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সঙ্গে বৈঠকের পর ৪ নম্বর ফটকের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিডিআরের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কমিশনের সদস্য এ্যারোমা দত্ত।কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা জানা ও এ নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য তিনি পিলখানায় এসেছিলেন। মিজানুর রহমান জানান, এ বিষয়ে বিডিআরের মহাপরিচালক তাঁদের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। কমিশনের চেয়ারম্যান জানান, বিডিআরের মহাপরিচালক ভারতীয় কর্তৃপক্ষকে বলেছেন, কোনো অজুহাতেই বাংলাদেশি নাগরিক হত্যা গ্রহণযোগ্য হবে না। কেউ অপরাধী হলে প্রচলিত আইনেই তার বিচার হবে। মিজানুর রহমান জানান, আগামী মাসে ভারতীয় মানবাধিকার কমিশনের প্রধান বাংলাদেশে এলে তাঁকে বিএসএফের হত্যাকাণ্ড বন্ধ করার জন্য ভারত সরকারকে চাপ দেওয়ার অনুরোধ করা হবে।বিডিআরে বিদ্রোহের বিচার প্রসঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘বিচারাধীন বিষয় কমিশনের এখতিয়ারভুক্ত নয়। তবু বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। বিডিআরের মহাপরিচালক আমাদের বিচার-প্রক্রিয়ার স্বচ্ছতা সম্বন্ধে আশ্বস্ত করেছেন। সেখানে সাংবাদিকেরা যেতে পারছেন।’বিডিআরে বিদ্রোহের বিচারের অপেক্ষায় থাকা অভিযুক্তদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে কমিশনপ্রধান বলেন, ‘তাঁরা এখন আর বিডিআরের তত্ত্বাবধানে নেই। তাঁরা এখন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। তবে কয়েকজনের আত্মীয়ের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি যে, কারাগারে আইনগতভাবে যতটুকু সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তা তাঁরা পাচ্ছেন না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করছি। কয়েক দিনের মধ্যে কয়েকটি জেলখানায় এ অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিনে যাব।’এ-সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘কারাগারে অভিযুক্ত ব্যক্তিরা নির্যাতিত হচ্ছেন—আমাদের কাছে এ রকম সুনির্দিষ্ট তথ্য নেই। হয়তো দু-একটি নির্যাতনের ঘটনা ঘটতে পারে। এগুলো খতিয়ে দেখার জন্য আমরা অচিরেই দু-একটি জেলখানায় যাব। যদি এ রকম ঘটনার সত্যতা পেয়ে যাই, তবে অবশ্যই সরকারের কাছে আমাদের সুপারিশ থাকবে।’বিদ্রোহের পর ও বিচার চলাকালে হেফাজতে থাকা বিডিআর সদস্যদের মৃত্যু ও তাঁদের নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘সরাসরি একটি সুশৃঙ্খল বাহিনীর ভেতরের বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে পারি না। আমরা উদ্বেগ জানাতে পারি। তবে ওই বিষয়টা এখন অতীত। তাঁরা সবাই এখন কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছেন। এ ধরনের আর কিছু এখন ঘটছে না।’