রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চললেও দেশের কারাগারগুলোতে বন্দীর সংখ্যা আগের চেয়ে কম। কারা প্রশাসনের দেওয়া হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
বন্দী কমে যাওয়ার কারণ প্রসঙ্গে পুলিশ ও কারা প্রশাসনের কর্মকর্তা বলছেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচি ছাড়া সাধারণ অপরাধ দমনে কোনো কাজই করতে পারেনি পুলিশ। এ কারণে বন্দীর সংখ্যা আগের চেয়ে কমে গেছে।
কারা প্রশাসনের হিসাব বলছে, ১৩টি কেন্দ্রীয় কারাগারসহ দেশের ৬৮ কারাগারে গত ৩১ ডিসেম্বর মোট বন্দী ছিল ৬৬ হাজার ৪৪৩ জন। এর মধ্যে এক হাজার ৮৭ জন ফাঁসির আসামি। আগের মাসে বন্দীর সংখ্যা ছিল ৬৩ হাজার ১৬৯ জন। আর ছয় মাস আগে গত বছরের জুলাই মাসে এই সংখ্যা ছিল ৭২ হাজার ১১৩। ওই বছরের আগস্টে ছিল ৭২ হাজার ১৭৬। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে গতকাল বন্দী ছিল দুই হাজার ২১৮ জন, দুই মাস আগে ছিল আড়াই হাজার।
বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করে আসছে, সরকার দেশজুড়ে গণগ্রেপ্তার করছে। ফলে দেশের কারাগারগুলোতে এখন কোনো জায়গা নেই।
অবশ্য গণগ্রেপ্তার ও হয়রানির কথা অস্বীকার করেছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। প্রথম আলোকে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
তাহলে বন্দীর সংখ্যা কমল কেন? এর জবাব খুঁজতে গিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, আসামিরা জামিনে বেরিয়ে গেছে বলে বন্দীর সংখ্যা কমে গেছে। আবার থানা-পুলিশের কর্মকর্তা বলেছেন, গত ফেব্রুয়ারি মাস থেকে পুলিশ ব্যস্ত ছিল রাজনৈতিক কর্মসূচি নিয়ে। এ সময়ে নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারে সময় দিতে পারেনি পুলিশ। যারা গ্রেপ্তার হয়েছে, তারা রাজনৈতিক ঘটনার সঙ্গে যুক্ত। কারাবন্দীর সংখ্যা কমে যাওয়ার এটাই কারণ।
জানতে চাইলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে পুলিশ আসামি ধরেনি, এটা ঠিক নয়। বরং গণগ্রেপ্তার হয়নি বলেই কারাগারে বন্দীর সংখ্যা বাড়েনি। পুলিশ অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করছে না বলে তাঁর দাবি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, জামায়াত-বিএনপির ডাকা অবরোধ-হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে গ্রেপ্তার শুরু করেছিল পুলিশ। গ্রেপ্তারের পর তাদের বিভিন্ন মামলার আসামি হিসেবে চালান দেওয়া হয়। তবে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় ৫৪ ধারায় গ্রেপ্তারের সংখ্যা কম দেখানো হলেও ভাঙচুর ও সংঘর্ষের মতো মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
তবে সরেজমিন ঘুরে দেখা গেছে, অনেক সাধারণ মানুষও গ্রেপ্তার-হয়রানির শিকার হয়েছে। রাজনৈতিক কর্মসূচি ঠেকানোর নামে যাকে পেয়েছে, তাকে ধরে ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। এত দিন হরতাল-অবরোধের কারণে এদের জামিন হয়নি, এখন হচ্ছে।
গত সোমবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে পাওয়া গেল এমন একটি পরিবার। সকাল থেকেই কারাগারের সামনে অপেক্ষা করছিলেন শামীমা আক্তার। সঙ্গে শিশু-বয়স্ক মিলে পরিবারের পাঁচ সদস্য। কারাগার থেকে কেউ বেরোলেই তাঁদের কেউ না কেউ ছুটে যাচ্ছেন ফটকের সামনে। শামীমার মতো অনেক মানুষ ভিড় করছেন কেন্দ্রীয় কারাগারের সামনে। কারও বাবা বা স্বামী, কারও সন্তান, কারও ভাই অকারণে বন্দিজীবন কাটাচ্ছেন।
শামীমার ভোট ভাই হোটেল কর্মচারী আনোয়ার হোসেন মিরপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে। জামিন হওয়ার পর তাঁকে ছাড়িয়ে নিতে কারা ফটকে পুরো পরিবারের এ অপেক্ষা।
কেন তাঁকে ধরেছে? প্রশ্ন করতেই বিরক্ত শামীমা আক্তার বললেন, উত্তরার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মিরপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রথমে গাড়ি পোড়ানোর মামলায় দেওয়ার ভয় দেখায় পুলিশ, পরে ৩০ হাজার টাকায় রফা হয়। সহজ ধারা, কাল জামিন হয়েছে।
অপেক্ষমাণ লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল গ্রেপ্তারের পর নিরীহ মানুষ কীভাবে ঘাটে ঘাটে হয়রানির শিকার হয়েছেন। থানা-পুলিশ থেকে শুরু করে আইনজীবী, আদালত, কারাগার—সর্বত্র হয়রানির শিকার তাঁরা।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, প্রতি মাসে গড়ে সাড়ে তিন হাজার থেকে চার হাজার বন্দী থাকলেও এখন ধারণক্ষমতার তিন গুণ বন্দী রয়েছে কারাগারে। গত মাসে জামিনের হারও কম ছিল। ধারণক্ষমতা এক হাজার ৭০০ হলেও গত রোববার সেখানে বন্দী ছিল পাঁচ হাজার ২২৬ জন। হরতাল-অবরোধে আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকা, উচ্চ আদালত ও বিচারিক আদালত ডিসেম্বর মাসে অবকাশকালীন ছুটি এবং পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানের কারণে কারাগারে বন্দীর সংখ্যা বেড়ে গেছে বলে তিনি জানান।