কারাবন্দী নেতাদের মুক্তি চেয়ে স্বজনদের আকুতি
বিএনপিসহ ১৮ দলের কারাবন্দী নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কারাবন্দী নেতাদের স্ত্রী, সন্তান ও ভাইবোনেরা সংবাদ সম্মেলন করে স্বজনদের মুক্তির জন্য আকুতি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, মিথ্যা মামলায় তাঁদের স্বজনদের আটকে রাখা হয়েছে।সংবাদ সম্মেলনে সবার পক্ষে লিখিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর স্ত্রী নাহিদ হান্নান অভিযোগ করেন, কারাগারে আটক নেতাদের কাছে প্রয়োজনীয় ওষুধপত্রের পাশাপাশি দরকারি জিনিস ঠিকভাবে দেওয়া হচ্ছে না। কয়েকজনকে ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ ভয়ংকর আসামিদের সঙ্গে রাখা হয়েছে। প্রচণ্ড গরমে তাঁরা কষ্ট পাচ্ছেন। তিনি বলেন, জামিন পাওয়া তাঁদের স্বাভাবিক অধিকার ছিল। আদালতের কর্মকাণ্ডে মনে হচ্ছে, সুবিচার পাওয়া সুদূরপরাহত।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস আখতার হোসেন বলেন, ‘আমাদের বাচ্চারা বাবাকে না পেয়ে অসহায়ভাবে দিন গুনছে। আমরা এ অবস্থার অবসান চাই।’বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের মেয়ে নাফিজা আমান তাঁর বাবার বিরুদ্ধে দায়ের করা মামলাটি ‘মিথ্যা ও বানোয়াট’ আখ্যায়িত করে বলেন, ‘অগণতান্ত্রিকভাবে আমার বাবাকে আটকে রাখা হয়েছে।’১৮ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেনের মেয়ে নাজনীন শওকত কান্না-কাতর হয়ে বলেন, ‘বাবার কিছুদিন আগে হূদ্যন্ত্রের অস্ত্রোপচার হয়েছে। তিনি প্রচণ্ড অসুস্থ। তাঁর সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হয়নি। সাংবাদিকদের বলছি, আমার বাবাকে বাঁচান।’স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের মুক্তি চেয়ে আকুতি জানিয়েছে তাঁর শিশুকন্যা মাটি। সংবাদ সম্মেলনে আসা পরিবারগুলোর সদস্যদের পরিচয় করিয়ে দেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।অন্যদের মধ্যে বিএনপির নেতা এম কে আনোয়ারের ছেলে মাহমুদ আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান, রহুল কবির রিজভীর বোন কামরুন নাহার আখতার, ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হক, নাজিমউদ্দিন আলমের স্ত্রী শওকত আরা নাজিম, কামরুজ্জামান রতনের স্ত্রী নূর-ই-জান্নাত প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।