কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু
কারাগারে অসুস্থ হয়ে রাজধানীর লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন (৬০) মারা গেছেন। গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সাহাবুদ্দিন স্ত্রী ও তিন সন্তান নিয়ে চকবাজার থানা এলাকার ঢাকেশ্বরী রোডে থাকতেন। পলাশীর বুয়েট বাজারে ‘শাহীনূর স্টোর’ নামে তাঁর একটি মুদি দোকান আছে। ৬ নভেম্বর সকালে লালবাগ থানার পুলিশ ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে করা একটি মামলায় তাঁকে ওই দোকান থেকে গ্রেপ্তার করে। ওই দিনই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের রক্ষী মো. হানিফসহ কয়েকজন সাহাবুদ্দিনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাহাবুদ্দিনের ভাই শাহ আলম বলেন, সাহাবুদ্দিনের বড় ধরনের কোনো শারীরিক সমস্যা ছিল না। তবে মাস খানেক আগে হূদেরাগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধও সেবন করছিলেন। সাহাবুদ্দিনের বিরুদ্ধে ‘রাজনৈতিক মামলা’ হয়েছে। অথচ আওয়ামী লীগের মিছিলেও তিনি লোক দিতেন।
মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই নাজিম উদ্দিন বলেন, গত ২৮ অক্টোবর আজিমপুর কবরস্থানসংলগ্ন এলাকায় ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও বোমা উদ্ধারের ঘটনায় থানার এসআই আবু জাফর বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় ৬৮ জন বিরোধীদলীয় রাজনৈতিক নেতা-কর্মীকে আসামি করা হয়। সাহাবুদ্দিন সেই মামলার ৫৩ নম্বর আসামি ছিলেন। একমাত্র তিনিই ওই মামলায় গ্রেপ্তার ছিলেন।
সাহাবুদ্দিনের বিরুদ্ধে কি অভিযোগ পেয়েছেন? জানতে চাইলে এসআই নাজিম বলেন, ‘প্রমাণ না থাকলে তিনি আসামি হলেন কী করে।’