কারাবন্দী বিএনপির নেতাদের উন্নত চিকিৎসার আহ্বান
কারাবন্দী বিএনপির কেন্দ্রীয় নেতাদের উন্নত চিকিৎসা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ।আদালত সূত্র জানায়, রোববার কারাগারে পাঠানো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব বরকতউল্লা, শহীদ উদ্দীন চৌধুরী ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য তাঁদের আইনজীবীরা ওই দিনই আদালতে আবেদন করেন। আদালত এ ব্যাপারে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তবে গতকাল বিএনপির সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য ওই নেতাদের হাসপাতালে নেওয়া হচ্ছে না। তাঁদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানানো হয়। দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, সরকারের ফরমায়েশে আদালত বিএনপির নেতাদের কারাগারে পাঠিয়েছেন। সরকার বাংলাদেশকে বিশ্বের একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। জামায়াতের বিবৃতি: জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে অভিযোগ করেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে ও নেতাদের আটক করে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। বিবৃতিতে দাবি করা হয়, এ সরকারের কাছে আলেম-ওলামা, পীর-মাশায়েখ, সাধারণ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়সহ কারও জীবনের নিরাপত্তা নেই। হেফাজতে ইসলামের হরতাল চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পুলিশের সঙ্গে যৌথভাবে আলেম-ওলামাদের ওপর হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে।