কারাবন্দী মাদ্রাসাশিক্ষক বেতন-ভাতা তুলছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় চার মাস ধরে কারাগারে আছেন বগুড়ার গাবতলী উপজেলার শুভপাড়া দারুল উলুম দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার শিক্ষক তাজুল ইসলাম। তাঁকে বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়নি। তিনি নিয়মিত বেতন-ভাতাও তুলছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে গাবতলী মডেল থানায় হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা তিনটি মামলায় তাজুল ইসলামের (৪৮) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় ছিল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গত বছরের ৯ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাজুলের বাড়ি উপজেলার পাঁচকাতুলী গ্রামে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ভন্ডুল করতে গাবতলী মডেল থানায় হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পরদিন বিএনপি-জামায়াতের ৫০ জনের নাম উল্লেখসহ ৩০০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইন ও অন্যান্য ধারায় দুটি মামলা করে। ওই দুটি মামলাসহ তাজুলের বিরুদ্ধে তিনটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। একটি মামলায় জামিনে থাকলেও অন্য দুটি মামলায় তিনি জেলা কারাগারে রয়েছেন।

মাদ্রাসা, উপজেলা প্রশাসন ও সোনালী ব্যাংক গাবতলী শাখা সূত্রে জানা গেছে, নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরিবিধি অনুযায়ী তাজুল সাময়িক বরখাস্ত হওয়ার কথা। কিন্তু তাঁকে বরখাস্ত করা হয়নি। গত নভেম্বর পর্যন্ত তাঁর নামে নিয়মিত সরকারি বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করা হয়েছে। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট কারাগারে গিয়ে বেতন-ভাতার কাগজে তাজুলের স্বাক্ষর আনেন। পরে তিনি ব্যাংক থেকে টাকা তুলেছেন।

জানতে চাইলে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, সাময়িক বরখাস্ত হওয়ার কথা থাকলেও মানবিক কারণে শিক্ষক তাজুল ইসলামকে বরখাস্ত করা হয়নি। তিনি আরও দাবি করেন, গত ৯ সেপ্টেম্বর পুলিশ তাজুলকে গ্রেপ্তার করে। কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ১ সেপ্টেম্বর থেকে পাঁচ মাসের ছুটি নেন। ছুটির বিষয়টি মাদ্রাসা কমিটি অনুমোদনও দিয়েছে। এ কারণে তাঁকে নিয়মিত বেতন-ভাতা দেওয়া হচ্ছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, তিনি এক মাস এখানে যোগ দিয়েছেন। যোগদানের পরপরই তাজুল ইসলামের কারাগারে থেকে বেতন-ভাতা উত্তোলনের বিষয়টি জানতে পারেন। কারাগারে থেকে আগে বেতন-ভাতা উত্তোলন করলেও ডিসেম্বর মাস থেকে তাজুল আর সেই সুযোগ পাবেন না।