কারাবন্দী মান্নার চিকিৎসা দাবি পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস ধরে কারাবন্দী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন ও সঠিক চিকিৎসার দাবি জানিয়েছে তাঁর পরিবার।
মান্না আগে থেকেই হৃদ্রোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিছুদিন ধরে তাঁর হাঁটুতে ব্যথা দেখা দিয়েছে। হাঁটতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মেহের নিগার। তিনি জানান, কারাগারের মেঝেতে থাকার কারণে মান্নার হাঁটুর ব্যথা বাড়ছে। তাঁর খাওয়ার সমস্যা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে তাঁর শারীরিক অবস্থা আরও গুরুতর হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
মেহের নিগার জানান, তিনি সপ্তাহে এক দিন স্বামীর সঙ্গে দেখা করার সুযোগ পান। তিনি জানান, মান্না ডাকসুর সাবেক ভিপি, একজন রাজনীতিক ও ব্যবসায়ী। তাঁকে কারাগারে ডিভিশন দেওয়ার ব্যবস্থা করলে তাঁর শারীরিক অবস্থা এতটা খারাপ হতো না।
কারাগার সূত্র জানায়, মান্নাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাধারণ বন্দী হিসেবে রাখা হয়েছে। কারাবিধি অনুযায়ী কেবল বর্তমান ও সাবেক মন্ত্রী, সাংসদ ও সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তারা কারাগারে ডিভিশনের সুবিধা পান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. নেসার আলম প্রথম আলোকে বলেন, মান্না এখন অসুস্থ, এমন কথা তাঁর জানা নেই। অসুস্থ হয়ে থাকলে কারা হাসপাতালের চিকিৎসকের সুপারিশের ভিত্তিতে তাঁকে বাইরের হাসপাতালে চিকিৎসা করানো হবে। তিনি বলেন, এর আগেও মান্নাকে কারা হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। কারা চিকিৎসকের পরামর্শে চারবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তাঁকে চিকিৎসা করিয়ে আনা হয়েছে।
কারাধ্যক্ষ এ দাবি করলেও বাস্তবে বিএসএমএমইউতে মান্নাকে কখনো ভর্তি করানো হয়নি। প্রতিবারই চিকিৎসককে দেখিয়ে ওই দিনই আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের দাবি, এটা ছিল লোকদেখানো।
মান্নাকে গত ২৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে র্যা ব। এরপর তাঁর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করে পুলিশ। এরপর ৫ মার্চ মান্না ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের একটি মামলা করে পুলিশ।