কারাবন্দী শিবির ক্যাডার নাছিরের নামে চাঁদাবাজি!
কারাগারে আটক র্যাব-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শিবিরের ক্যাডার নাছির উদ্দিনের ভাই পরিচয় দিয়ে চাঁদা আদায় করছে প্রতারক চক্র। চক্রটি কারাগারে আটক শিবিরের নেতা-কর্মীদের মামলার খরচের কথা বলে মুঠোফোনের মাধ্যমে টাকা আদায় করছে। ভুক্তভোগীরা এ কথা জানিয়েছেন।
চাঁদাবাজির শিকার চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নুং চ প্রু প্রথম আলোকে বলেন, ‘গত ১৭ নভেম্বর বিকেল সোয়া তিনটায় একটি মুঠোফোন থেকে আমার মুঠোফোনে কল আসে। মুঠোফোনে এক ব্যক্তি নিজেকে শিবিরের ক্যাডার নাছিরের ভাই মোল্লা মাসুদ পরিচয় দেন। ওই ব্যক্তি বলেন, ‘কারাগারে আটক শিবিরের কর্মীদের মামলার খরচ জোগাতে ৪০ লাখ টাকা দরকার। ৩০ লাখ টাকা জোগাড় হয়েছে। আরও ১০ লাখ টাকা লাগবে। আপনি কত দিতে পারবেন।’ কেন, প্রশ্ন করতেই ধমক দিয়ে ওই ব্যক্তি বলেন, “তর্ক করবেন না। চালাকি করার চেষ্টা করবেন না। উড়াইয়া দিব। বাচ্চারা স্কুল থেকে আর ঘরে ফিরতে পারবে না। আধা ঘণ্টার মধ্যে ৫০ হাজার টাকা মুঠোফোন অ্যাকাউন্টে পাঠান। আড়াই লাখ টাকা পরে দিতে হবে।” নুং চ প্রু বলেন, ভয় পেয়ে তিনি স্বজনদের কাছ থেকে টাকা জোগাড় করে সেদিন বিকেলে দুটি মুঠোফোন অ্যাকাউন্টে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা পাঠান। তিনি বলেন, রাত ১০টায় আবারও ফোন করে মোল্লা মাসুদ পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, ৫০ হাজার টাকা পেয়েছি। আরও আড়াই লাখ টাকা দিতে হবে। নুং চ প্রু বলেন, এরপর তিনি বিষয়টি তাঁর আত্মীয় সিআইডি চট্টগ্রাম জোনের এএসপি হ্লা চিং প্রুকে জানান। পরে পুলিশ কর্মকর্তা ওই মুঠোফোনগুলো বন্ধ পান। বন্ধ করে দেওয়া হয় অ্যাকাউন্ট নম্বরগুলোও। পরে বিষয়টি নগর গোয়েন্দা পুলিশকে জানান হ্লা চিং প্রু।
হ্লা চিং প্রু বলেন, তিনি ওই ভুক্তভোগীকে থানায় জিডি কিংবা মামলা করার পরামর্শ দিয়েছেন। নুং চ প্রু বলেন, ‘আমি নিরীহ মানুষ। সন্তানদের কথা ভেবে থানায় জিডি কিংবা মামলা করিনি।’
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, ‘কেউ চাঁদা চাইলে লোকজন ভয়ে আমাদের বলেন না। আমার জানামতে, মোল্লা মাসুদ নামে নাছিরের কোনো ভাই নেই। সমপ্রতি মুঠোফোনের মাধ্যমে টাকা আদায় করতে বেশ কিছু প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে। মুঠোফোন অ্যাকাউন্ট করা হলেও এজেন্টরা সঠিক নাম-ঠিকানা রাখেন না। ফলে চাঁদাবাজেরা এখন এটিকে ব্যবহার করে চাঁদা আদায় করছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে লিখিতভাবে জানানো হচ্ছে।’ তিনি বলেন, ‘একজন কাস্টমস কর্মকর্তার চাঁদাবাজির শিকার হওয়ার পর বিষয়টি মৌখিকভাবে আমাদের এক কর্মকর্তাকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ মো. বাবুল আক্তার বলেন, ‘চাঁদা দেওয়ার পর পুলিশকে জানানো হয়। আগে জানালে চক্রটিকে সহজে শনাক্ত করা যেত।’
নাছিরের ভাই জিয়া উদ্দিন বলেন, ‘মোল্লা মাসুদ নামে আমাদের কোনো ভাই নাই। আমি ব্যবসা নিয়ে আছি। আমার ভাই গাজীপুর কারাগারে। তাঁর নাম ব্যবহার করে কোনো প্রতারক চক্র কাজটি করতে পারে।’