কারাবন্দী স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
মাদকের মামলায় কারাবন্দী স্বেচ্ছাসেবক লীগের নেতা ফরহাদ হোসেন (৪৫) মারা গেছেন। গতকাল বুধবার সকালে তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরহাদ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। থাকতেন মধ্য বাড্ডায়। আদালতের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই স্বজনেরা বিকেলে তাঁর লাশ নিয়ে গেছেন।
বাড্ডা থানার পুলিশ ও কারাগার সূত্র জানিয়েছে, ১৮ আগস্ট বাড্ডায় স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় থেকে পুলিশ ১৩ বোতল ফেনসিডিল, ৬২টি ইয়াবা বড়িসহ ফরহাদকে গ্রেপ্তার করে। মাদক মামলায় পুলিশ তাঁকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। আদালত তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান। গতকাল ভোরে সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ছয়টা ২০ মিনিটে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, মাদক সেবনের ফলে ফরহাদ এমনিতেই অসুস্থ ছিলেন, তাঁকে মারধরও করা হয়নি। তাঁর বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। চাঁদাবাজির শিকার হলেও তাঁর ভয়ে এলাকায় কেউ মুখ খুলত না।
ফরহাদের মৃত্যুর খবরে স্বজন ও সংগঠনের নেতা-কর্মীরা ঢাকা মেডিকেল কলেজের মর্গে ভিড় জমান। সেখানে ফরহাদের স্ত্রী মুনমুন তাসলিমা প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী মাদক ব্যবসায় জড়িত নন। প্রতিপক্ষরা রাজনীতি থেকে নিষ্ক্রিয় করতে তাঁকে মাদক মামলায় ফাঁসিয়েছে। তাঁর কোনো রোগ ছিল না।
মর্গে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ সাংবাদিকদের বলেন, ফরহাদ অসুস্থ ছিলেন। তাই হয়তো মারা গেছেন।
কারাগারে আসার পর থেকে কারা হাসপাতালে ফরহাদ চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. ফরমান আলী। তিনি জানান, ভোরে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।