কারাবন্দী হয়েও গাড়ি পোড়ালেন হামিদুল?
হরতালের আগের দিন গত রোববার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলায় হামিদুল ইসলাম ওরফে জনি নামের এক ব্যক্তিকে আসামি করেছে পুলিশ। অথচ তিনি তিন মাস ধরে কারাগারে বন্দী রয়েছেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়ময়নসিংহ মহাসড়কে পর পর দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকেরা। ঘটনার রাতেই জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহীন দুটি মামলা করেন। দুই মামলাতেই ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়। উভয় মামলার ১০ নম্বর আসামি হলেন সদর উপজেলার টেকনগপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মুদি দোকানি হামিদুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ জুলাই জামায়াতে ইসলামীর ডাকা হরতালের দিন গাজীপুর শহরের রাজবাড়ি রোডে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় জয়দেবপুর থানায় হওয়া মামলায় ৪ আগস্ট হামিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। জামিন না হওয়ায় তাঁকে ২৮ সেপ্টেম্বর কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ পাঠানো হয়।
হামিদুলের বাবা আবুল হাশেম জানান, গত জুলাইয়ে ষড়যন্ত্রমূলকভাবে গাজীপুর জেলা শহরে গাড়ি পোড়ানো ও অস্ত্র মামলায় তাঁর ছেলেকে জড়ানো হয়।
কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এর উপকারাধ্যক্ষ মুশফিকুর রহমান জানান, ‘২৮ সেপ্টেম্বর থেকে জনি এ কারাগারে আছেন। তবে কীভাবে তাঁকে বাইরের মামলায় আসামি করা হয়েছে, তা আমার জানা নেই।’
একই ধরনের অভিযোগ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানবীর আহমেদ। তিনি বলেন, ‘গত সোমবার সকাল নয়টার পর থেকে আমি একটি মামলার হাজিরা দিতে গাজীপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে ছিলাম। অথচ একই দিন সকাল ১০টার দিকে গাড়িতে অগ্নিসংযোগের মামলায় আমাকে আসামি করা হয়েছে।’
ভোগড়া পুলিশ ক্যাম্পের এএসআই মো. শাহিন বলেন, ‘দুই মামলাতেই মানুষের কাছ থেকে শুনে ওই ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে আসামিরা ঘটনাস্থলে ছিল কি না, তা আমার জানা নেই।’ জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, এ রকম ঘটনা হওয়ার কথা নয়। তার পরও ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।