কারাবন্দী ২৭ জনের মুক্তির দাবিতে আ.লীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লা নূর বাবু হত্যা মামলায় কারাবন্দী বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেনসহ ২৭ নেতা-কর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বিকেলে বনপাড়া বাজারে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ ওই কর্মসূচি পালন করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ এশারত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জোয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ, গোপালপুর ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, নগর ইউপির চেয়ারম্যান শামসুজ্জোহা, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক পারুল বেগম, অধ্যক্ষ আসাদুজ্জামান, আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর রহমান, বনপাড়া পৌরসভার মহিলা ওয়ার্ড কাউন্সিলর শিরিনা বেগম প্রমুখ। সমাবেশের আগে বনপাড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।২০১০ সালের ৮ অক্টোবর সকালে বনপাড়া বাজারে প্রকাশ্যে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লা নূর বাবুকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে। পরে তাঁর স্ত্রী বাদী হয়ে জাকির হোসেনসহ আওয়ামী লীগের ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলার সব আসামি গত রোববার আদালতে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠান।