কারাবন্দীদের তথ্যভান্ডার তৈরি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধীদের সহজে শনাক্ত করতে তথ্যভান্ডার বা ডেটাবেইস তৈরি করা হচ্ছে। পাশাপাশি কারাবন্দীদের তথ্যভান্ডার তৈরির কাজও শুরু হয়েছে। জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে সংযুক্ত করে তথ্যভান্ডার করা হচ্ছে, যাতে অপরাধী সহজে শনাক্ত হয়। গতকাল বুধবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা যাতে কারাগারে বসে বাইরে যোগাযোগ করতে না পারে সে জন্য কারা অভ্যন্তরে মুঠোফোন ও অন্যান্য নিষিদ্ধ জিনিস প্রতিরোধে লাগেজ স্ক্যানার, বডি স্ক্যানারসহ অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি সংযোজনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই নবনির্মিত কারাগারে বন্দী স্থানান্তরের কাজ সম্পন্ন হবে। তিনি আরও জানান, কারা বিভাগের উন্নয়নের অংশ হিসেবে কারা প্রশিক্ষণ একাডেমি রাজশাহী ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ফরিদপুর, খুলনা ও দিনাজপুর জেলা কারাগারকে কেন্দ্রীয় কারাগারে উন্নীত করার ব্যবস্থা নেওয়া হবে।
আসাদুজ্জামান খান কারাগারকে সংশোধনাগারে রূপান্তরিত করার ওপর জোর দিয়ে বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘পুনর্বাসন প্রশিক্ষণ স্কুল’ স্থাপন করে বন্দীদের বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
‘এবারের অঙ্গীকার, কারাগার হোক সংশোধনাগার’ প্রতিপাদ্য নিয়ে কারা সপ্তাহ-২০১৬ শুরু হয়েছে গতকাল। স্বরাষ্ট্রমন্ত্রী সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন তাঁকে স্বাগত জানান। স্বরাষ্ট্রমন্ত্রী পায়রা উড়িয়ে কারা সপ্তাহের উদ্বোধন করেন।