কারাবন্দীদের ৬৯ শতাংশই বিচারাধীন মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কারাগারগুলোতে বর্তমানে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দী রয়েছেন। এই কারাবন্দীদের মধ্যে ৬৯ শতাংশ বিচারাধীন মামলার আসামি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবার অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতাও রয়েছে। এ জন্যই সরকার পুনর্বাসনের প্রকল্প নিয়েছে।
কারাবন্দীদের মুক্তির পর পুনর্বাসনের বিষয়ে ‘তোমাদের ভুলিনি’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার এসব তথ্য দেন স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুস্তাক আহমেদ। রাজধানীর একটি হোটেলে এ কর্মশালা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইমপ্রুভমেন্ট অব দ্য রিয়েল সিচুয়েশন অব ওভারক্রাউডিং ইন প্রিজনস ইন বাংলাদেশ’ সংক্ষেপে আইআরএসওপি প্রকল্প এই কর্মশালার আয়োজন করে। জার্মানি, যুক্তরাজ্য ও স্পেন সরকারের তিনটি সহায়তা সংস্থা থেকে কমিশনপ্রাপ্ত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের সঙ্গে প্রকল্পটি চালাচ্ছে জার্মান সংস্থা জিআইজেড।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এই প্রকল্পের পরিচালক শওকত মোস্তফা, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দিন ও জিআইজেডের মুখ্য উপদেষ্টা রিচার্ড মাইলস। অনুষ্ঠানে কারাবন্দী পুনর্বাসনে নিয়োজিত ভারতের ‘ড্যান্স থেরাপিস্ট’ অলকানন্দা রায়ও বক্তব্য দেন। অলকানন্দার কাজের ওপর একটি ভিডিও প্রদর্শিত হয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার বেশি বন্দী রয়েছে। আন্তর্জাতিক প্রথা ও সনদ অনুযায়ী কারাবন্দীরা যাতে যথাযথ আইনি সহযোগিতা ও মানবিক আচরণ পায়, তার জন্য সরকার সচেষ্ট।