কারাবন্দীরা ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তবে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা এই সুযোগ পাবেন না।
বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিচারকাজ শেষ না হওয়ায় দেশের বিভিন্ন কারাগারে পাঁচ বছরের বেশি সময় ধরে বন্দী আছেন ৪৯২ জন। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘কারা সপ্তাহ-২০১৭’ উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, প্রত্যেক বন্দীর নথি তৈরির সময় পরিবারের সদস্যদের দুটি ফোন নম্বর নেওয়া হবে। এই দুই নম্বরে বন্দীরা কথা বলার সুযোগ পাবেন। এতে অবৈধ উপায়ে কারাগারে মুঠোফোন ব্যবহার এবং এ নিয়ে দুর্নীতি বন্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ফোনে কথা বলার এই সুযোগ জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা পাবেন না বলে জানান তিনি।
কারা মহাপরিদর্শক বলেন, শুনানির তারিখ অনুযায়ী বন্দী হাজির হন। কিন্তু যথাসময়ে মামলার সাক্ষী হাজির হন না। এ কারণে বিচারপ্রক্রিয়া ‘প্রলম্বিত’ হয়। প্রলম্বিত বিচারপ্রক্রিয়ার কারণে পাঁচ বছরের বেশি সময় ধরে ৪৯২ জন এবং ১০ বছরের বেশি সময় ধরে সাত-আটজন বন্দী রয়েছেন। তিনি বলেন, মামলার সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা গেলে বিচারকাজে গতি আসবে।
সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে লাগেজ ও বডি স্ক্যানার বসানোর উদ্যোগ, সেবার মান বৃদ্ধি, বন্দীদের সংশোধন ও পুনর্বাসনসহ সাম্প্রতিক সময়ে কারা কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য জানান।
লাগেজ ও বডি স্ক্যানার বসানো সম্পর্কে সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, কারাবন্দীরা অভিনব পদ্ধতিতে কারাগারের ভেতর মাদকদ্রব্যসহ নিষিদ্ধঘোষিত বিভিন্ন পণ্য পাচ্ছেন। অনেক সময় বাড়ি থেকে আনা পিঠার মধ্যেও ইয়াবা ও গাঁজা পাওয়া যায়। সনাতন পদ্ধতিতে এটা বন্ধ করা দুষ্কর। এ জন্য কারাগারে লাগেজ ও বডি স্ক্যানার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লাগেজ স্ক্যানারের মাধ্যমে ব্যাগে বা কাপড়ের সেলাইয়ের মধ্যে কেউ কিছু নিয়ে এলে তা ধরা পড়বে। আবার বডি স্ক্যানারের মধ্যমে শরীরের ভেতর (যেমন পেটের ভেতর) কোনো কিছু থাকলেও তা শনাক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এ কার্যক্রম শুরু হবে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার সম্পর্কে সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ প্রকৃতির বন্দীদের আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি রয়েছে। এই ঝুঁকি এড়াতে শিগগিরই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকাজ শুরু হবে। এ জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারে দুটি পৃথক কক্ষ নির্ধারণ করা হয়েছে।
কারা মহাপরিদর্শক বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে কাশিমপুর কারা কমপ্লেক্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ‘কারা সপ্তাহ-২০১৭’ উদ্বোধন করবেন। কারা সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বন্দীদের সংশোধন, সমাজে পুনর্বাসন’। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান, সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।