কারাবন্দীরাও গাইলেন জাতীয় সংগীত
‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনের সঙ্গে কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীত গাইলেন কারাবন্দীরাও। গতকাল বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। এ সময় গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দীরাও জাতীয় সংগীত পরিবেশন করেন। কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো মানুষ জাতীয় সংগীত গায়। এ সময় কাশিমপুর কারাগারের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও কারাবন্দীরা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত জাতীয় সংগীতের সঙ্গে সুর মেলান। তিনি জানান, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কারাগারের সেমিনার কক্ষে বিশেষ সংগীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে কারাবন্দীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। একইভাবে কাশিমপুর হাইসিকিউরিটি, কেন্দ্রীয় কারাগার পার্ট-১ জাতীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
কারাগারে গতকাল বন্দীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হয়।