কারাবিধি মেনেই বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবিধি মেনেই লক্ষ্মীপুর কারাগারে তাহেরপুত্র এইচ এম বিপ্লবের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে জেলা প্রশাসক ও আইজি প্রিজনের কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, নিয়ম মেনেই তাহেরপুত্রের বিয়ে হয়েছে। কোনো ধরনের নিয়মের বাইরে কিছু হয়নি।’
লক্ষ্মীপুরের পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা আবু তাহেরের ছেলে ও একাধিক খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিপ্লব কারাগারে থেকেই গত শুক্রবার বিয়ে করেছেন। এ খবর জানাজানি হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান বলেন, তিনি লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও কারা মহাপরিদর্শকের সঙ্গে কথা বলে জেনেছেন কারাবিধি মেনেই বিপ্লবের বিয়ে হয়েছে। বিয়ের জন্য বর-কনে দুজনের সই করার প্রয়োজন হয়। সে জন্য পাত্রী কারাগারে গিয়েছিলেন।
কারাগারের ভেতরে গায়েহলুদ অনুষ্ঠান প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কয়েদিরা গায়েহলুদ দিয়েছেন বা গানবাজনা করেছেন—এমন কোনো কিছু তাঁর জানা নেই। তবে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, যা কিছু হয়েছে, কারাবিধি অনুযায়ী হয়েছে।
লক্ষ্মীপুর কারাগারে কড়াকড়ি: এদিকে কারাগারে তাহেরপুত্রের গায়েহলুদ, বিয়ে ও বর-কনের সাক্ষাতের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর লক্ষ্মীপুর কারাগারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসামি ও কয়েদিদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ বন্ধ ছিল। কারাগারের ভেতরে মুঠোফোনের ব্যবহারও নিয়ন্ত্রণ করা হয়েছে বলে কারাগারের একটি সূত্র দাবি করেছে।