কারাভোগের পরও ভারতে বন্দী সাত বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজার মেয়াদ শেষ হলেও ভারতের মনিপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাত ব্যক্তি। শ্রমজীবী ওই সাতজনের অনুপস্থিতিতে তাঁদের পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন।
সাত বন্দীকে কীভাবে দেশে ফিরিয়ে আনতে হবে সে ব্যাপারে পরিবারের লোকজন তেমন কিছুই জানেন না। এ ব্যাপারে বাংলাদেশে ভারতের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেও বন্দীদের স্বজনেরা কোনো সাড়া পাননি বলে জানা গেছে।
সাত বন্দীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মো. শরিফুল ওরফে মোহাম্মেল (৩৫), মো. রফিকুল (৪৬), মো. মফিজুল (৩০), নাজির হোসেন (৩৮), বাবুল আলী (৩৪) এবং দাদনচক বনকুল গ্রামের নিকসন আলী (৩৪) ও শহিদুল ইসলাম (৩০) ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে তাঁরা মনিপুরে ধরা পড়েন। এর পর তাঁদের মনিপুরে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের পাঁচ মাস ১০ দিন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।
খবর পেয়ে বৈধ পথে ভারতে গিয়ে জরিমানার টাকা পরিশোধ করেন ওই সাতজনের স্বজনেরা। কিন্তু কোনো কাজ হয়নি। অতিরিক্ত তিন মাসের সাজার মেয়াদ শেষ হওয়ার পরও তাঁরা চার মাস ধরে কারাভোগ করছেন।
সাতজনের মুক্তির ব্যাপারে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে রাজশাহীতে ভারতের সহকারী হাই কমিশনারের কাছে গত ২৪ জুন লিখিত আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। এর পর পরিবারগুলো বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিকের সাহায্যে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়েও একটি আবেদন জমা দেয়। রেড ক্রিসেন্ট কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিষয়টি রেড ক্রিসেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
দুই ছেলে নাজির ও মফিজুলের অতিরিক্ত কারাভোগের কথা বলতে গিয়ে ৮০ বছর বয়সী মা কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘নাজিরের পাঁচ ছেলে-মেয়ে। অভাবের কারণে তাঁর দুই ছেলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে।’
বাবুলের স্ত্রী শেফালী বলেন, ‘দুই মেয়ে ও এক ছেলে নিয়ে মায়ের কাছে উঠেছি। বাবা বেঁচে নেই। ভাইদের সাহায্যে দিন চলে। কিন্তু এভাবে কত দিন চলবে?’ মোহাম্মেলের স্ত্রী পপি খাতুনও তিন ছেলে ও এক মেয়ে নিয়ে উঠেছেন বাবার বাড়িতে। দিন কাটছে তাঁদের অনাহারে-অর্ধাহারে।
মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ‘আমি সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থার কাছে ওই সাতজনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’