কারাভোগ শেষে মিয়ানমারের ৯১ নাগরিককে হস্তান্তর
বাংলাদেশে কারাভোগ শেষ হওয়ায় মিয়ানমারের ৯১ জন নাগরিককে আজ বুধবার দুপুরে সে দেশে ফেরত পাঠানো হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিজিবি বিওপিতে (তল্লাশি চৌকি) অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে হস্তান্তর করা হয়।
বৈঠকে উপস্থিত কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের ৮ ডিসেম্বর বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫৫ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশ জলসীমায় নৌবাহিনীর বানৌজা ধলেশ্বরী জাহাজ টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের কয়েকটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে নৌবাহিনী তাদের চ্যালেঞ্জ করে। তখন ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে ১২টি ট্রলারে থাকা ৯২ জনকে জেলেকে আটক করে নৌবাহিনী। পরের দিন তাঁদের টেকনাফ থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁদের সাজা দিয়ে কারাগারে পাঠান। তাঁদের মধ্যে একজন অসুস্থ হয়ে কারাগারে মারা যান। বাকি ব্যক্তিদের সাজার মেয়াদ শেষ হওয়ায় আজ সকাল আটটায় তিনটি বাসে করে কক্সবাজার জেলা কারাগার থেকে ঘুমধুম বিজিবি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। ৯১ নাগরিকের অধিকাংশ রোহিঙ্গা। ঘুমধুম সীমান্তের অপর প্রান্তে মিয়ানমার।
বৈঠকে বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের উপস্থিত ছিলেন ।