কারাভোগ শেষে মুক্তি পেলেন বিডিআরের ২৮ সদস্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের মামলায় কারাভোগ শেষে ২৮ জন বিডিআর (বর্তমান বিজিবি) সদস্য মুক্তি পেয়েছেন। গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই নম্বর ইউনিট থেকে গতকাল রোববার তাঁরা মুক্তি পান। কাশিমপুর কারাগার সূত্র জানায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় ঢাকার পিলখানায় স্থাপিত বিশেষ আদালত ওই ২৮ জনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। একই আদালতের দেওয়া চার মাসের সাজা শেষ হলে গত ২৬ অক্টোবর দুই নম্বর ইউনিট থেকে ৭৩ জন বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়। এদিকে সাজা শেষে আজ সোমবার এক নম্বর ইউনিট থেকে ১৩ জন বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হবে। কাশিমপুর কারাগারের দুই নম্বর ইউনিটের কারাধ্যক্ষ সুভাস চন্দ্র ঘোষ গতকাল ২৮ জনের মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।