কারাভোগী ২৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত
অবৈধভাবে ভারতে যাওয়ার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাভোগ করা ২৪ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা-সুতারকান্দি শুল্ক বন্দর দিয়ে পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বলেন, ফেরত আসা বাংলাদেশিদের বাড়িতে পাঠানো হয়েছে। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
শুল্ক বন্দরের অভিবাসন পুলিশ সূত্র জানায়, ২০১২ সালের জানুয়ারিতে একটি পাচারকারী চক্র চাঁপাইনবাবগঞ্জের ৩১ জনকে ভারতে নিয়ে যায়। অনুপ্রবেশের দায়ে ভারতে তাঁদের আটক করা হয়। তাঁদের মধ্যে দুই থেকে চার বছর কারাভোগকারী ২৪ জনকে সম্প্রতি ভারতের আদালত নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
দেশে ফেরা ২৪ বাংলাদেশির একজন আবদুল খালেক বলেন, ‘ভারতে গেলে দ্বিগুণ পারিশ্রমিকে কাজ পাওয়ার প্রলোভন দিয়ে তাঁদের নেওয়া হয়েছিল। সেখানে সারা দিন ও রাত কাজ করিয়েও টাকা দেওয়া হয়নি। টাকা চাইলে নানা টালবাহানা করা হতো। একপর্যায়ে অনুপ্রবেশকারী হিসেবে পাচারকারীরা তাঁদের ভারতীয় পুলিশের কাছে ধরিয়ে দেয়। আমরা আর জীবিত অবস্থায় দেশে ফিরতে পারব তা কল্পনাও করিনি।’