কারাভোগের পর অপচিকিৎসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার দায়ে ভুয়া এমবিবিএস চিকিৎসক মোহাম্মদ ইদ্রিছকে গত ২৪ নভেম্বর ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড দেন। কারাভোগের পর ইদ্রিছ আবার তাঁর আগের চেম্বার চৌমুহনী হাফেজ প্লাজায় রোগী দেখছেন। তিনি নামের আগে ‘ডা.’ ও পরে ‘এমবিবিএস’ ডিগ্রি লিখে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।এভাবে নগর ও জেলার বিভিন্ন স্থানে ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসকেরা আবার জেঁকে বসেছেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের বিধিনিষেধ না মেনে ‘ডা.’ লিখে বিভিন্ন ফার্মাসিস্ট ও পল্লিচিকিৎসকেরা চেম্বার করে চলেছেন। ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা ঝিমিয়ে পড়ায় তাঁরা ফের মাথাচাড়া দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।সরেজমিনে দেখা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও বিভিন্ন ভুয়া চিকিৎসক নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রচারের পর কিছুদিন কিছু কিছু চিকিৎসক গাঢাকা দেন। গত ১৯ ডিসেম্বর প্রথম আলোতে ‘চট্টগ্রামে সহস্র ভুয়া চিকিৎসক’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছিল। সেই চিকিৎসকদের কেউ কেউ নতুন করে পুরোনো স্থানে অথবা নতুন কোনো জায়গায় গিয়ে তাঁদের তৎপরতা শুরু করেছেন। চিকিৎসক নামধারী এসব হাতুড়ের কেউ কেউ গ্রামেও পাড়ি জমিয়েছেন।জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব বলেন, ‘আমাদের অভিযানের কারণে তাঁদের তৎপরতা একটু কমেছিল। এখন কোথাও কোথাও ভুয়া চিকিৎসকেরা বসছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকেই গ্রামে চলে গেছেন। তবে যাঁরা এমবিবিএস না হয়েও ওই ডিগ্রি লিখছেন এবং বিএমডিসির নিষেধ সত্ত্বেও ডা. লিখছেন, তাঁদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’জানা গেছে, বহদ্দারহাটের মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে এমবিবিএস ডিগ্রি লিখে এস এম তৌহিদুল করিম বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা ও তাঁর নামে প্রতিবেদন ছাপা হওয়ার পর এখন আনোয়ারা উপজেলার পিএবি সড়কের মাজারগেট এলাকার মেসার্স আলম মেডিকেল হলে প্রতি শনি, সোম ও বুধবার সকাল নয়টা থেকে একটা পর্যন্ত চেম্বার করছেন।তিনি উপজেলা সদরের আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে বসেন, প্রতি শুক্র, সোম ও বুধবার বেলা একটা থেকে। সরেজমিনে দেখা গেছে, পিএবি সড়কে ডা. এস এম তৌহিদুল করিম ও ডা. এম জি ভূঞার নামে বিশাল সাইনবোর্ড টানানো হয়। এম জি ভূঞা অলটারনেটিভ মেডিসিনের ওপর এমবিবিএস ডিগ্রিধারী এসব চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এদিকে নগরের চৌমুহনী সাবের প্লাজায় গিয়ে দেখা যায়, কারাগার থেকে ফিরে মোহাম্মদ ইদ্রিছ তাঁর পুরোনো ‘সেন্টার অব ট্রেনিং রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর প্যারালাইজড’ নামের চেম্বারে প্রতিদিন সকাল-বিকেল রোগী দেখছেন। সরেজমিনে এর সত্যতাও পাওয়া যায়। এ প্রসঙ্গে জানতে চাইলে ইদ্রিস বলেন, ‘আমি জরিমানার টাকা দিতে চাইনি বলে কারাভোগ করেছি। আমরা অলটারনেটিভ মেডিসিনের ওপর এমবিবিএস করেছি। আমাদের এ নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। তাই এখনো এমবিবিএস ও ডা. লিখে যাচ্ছি।’