কারাভোগের পর চার বাংলাদেশিকে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে কারাভোগের পর চারজন বাংলাদেশিকে আজ সোমবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে সে দেশের অভিবাসন কেন্দ্রের রেজিস্ট্রেশন বিভাগ। পরে বিজিবি তাঁদের টেকনাফ থানা পুলিশে সোপর্দ করেছে।

চার বাংলাদেশি হলো জামাল হোসেন (২৪), মোহাম্মদ ইসমাইল (২২), জুবাইর হোসেন (১২) ও নুর আবছার (১২)।

ফেরত আসা কাঠুরিয়া জামাল হোসেন ও জেলে জুবাইর হোসেন বলেন, প্রায় দেড় বছর আগে নাইক্ষ্যংছড়িতে তাঁদের দণ্ড দেওয়া হয়। ঘুমধুম পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ ও নাফ নদীতে মাছ ধরার সময় তাঁদের ধরে নিয়ে যায় নাসাকা বাহিনী। পরে ওই দেশে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাভোগ করতে হয়।

তাঁরা আরও জানান, মিয়ানমারের বুচিদং কারাগারে আরও বাংলাদেশি নাগরিক সাজা ভোগ করছেন।

বিজিবির ভাষ্যমতে, সকাল ১০টায় টেকনাফ স্থলবন্দরের জেটি দিয়ে মিয়ানমারে যায় বিজিবির প্রতিনিধিদল। পরে মিয়ানমারের মংডু টাউনশিপের অভিবাসন কেন্দ্রের রেজিস্ট্রেশন বিভাগের দপ্তরে বেলা ১১টায় বৈঠক শুরু হয়। বৈঠকে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টেকনাফ সদর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জাকারিয়া। মিয়ানমারের পক্ষে অভিবাসন কেন্দ্রের রেজিস্ট্রেশন বিভাগের নেতৃত্ব দেন ক্যাপ্টেন থিন উ।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।