কারাভোগের পর চার বাংলাদেশিকে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে কারাভোগের পর চার বাংলাদেশিকে গতকাল সোমবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্থান্তর করেছে সে দেশের অভিবাসন কেন্দ্রের রেজিস্ট্রেশন বিভাগ। পরে বিজিবি তাঁদের টেকনাফ থানা-পুলিশে সোপর্দ করেছে।

বিজিবির ভাষ্যমতে, গতকাল সকাল ১০টায় টেকনাফ স্থলবন্দরের জেটি দিয়ে মিয়ানমারে যায় বিজিবির প্রতিনিধিদল। পরে মিয়ানমারের মংডু টাউনশিপের অভিবাসন কেন্দ্রের রেজিস্ট্রেশন বিভাগের দপ্তরে বেলা ১১টায় বৈঠক শুরু হয়। বৈঠকে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টেকনাফ সদর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো জাকারিয়া। মিয়ানমারের পক্ষে অভিবাসন কেন্দ্রের রেজিস্ট্রেশন বিভাগের নেতৃত্ব দেন ক্যাপ্টেন থিন উ।

চার বাংলাদেশি হলেন কক্সবাজারে রামুর কচ্ছপিয়া বেলায়েত আলীর ছেলে জামাল হোসেন (২৪), টেকনাফ পৌরসভার কুলালপাড়া আবুল হোসেনের ছেলে জুবাইর হোসেন (১২), শাহ পরীর দ্বীপ ক্যাম্পপাড়ার আবুল কালামের ছেলে নূর আবছার (১২) ও আবদুল খালেকের ছেলে মোহামঞ্চদ ইসমাইল (২২)। ফেরত আসা কাঠুরিয়া জামাল হোসেন ও জেলে জুবাইর হোসেন বলেন, প্রায় দেড় বছর আগে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ ও নাফ নদীতে মাছ ধরার সময় নাসাকা বাহিনী তাঁদের ধরে নিয়ে যায়। পরে সে দেশে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

তাঁরা আরও জানান, মিয়ানমারের বুচিদং কারাগারে আরও বাংলাদেশি নাগরিকেরা সাজা ভোগ করছেন। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।