কারাভোগের পর দেশে ফিরল ভারতীয় দুই কিশোর
বাংলাদেশে কারাভোগের পর অপূর্ব মিত্র ও আমিনুর রহমান নামের ভারতীয় দুই কিশোরকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে ছিল।
আজ সোমবার দুপুরে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তাদের নিজ দেশে পাঠানো হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রামাকান্ত দত্ত, যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা, যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন ও মানবাধিকার সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক উপস্থিত ছিলেন।
কিশোর উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এলাকার স্কুলপড়ুয়া অপূর্ব মিত্র, আমিনুর রহমান ও গৌতম নামের তিন কিশোর অপর তিন কিশোরীকে নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে। তারা খুলনার বটিয়াঘাটা উপজেলায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। এ সময় তাদের আটক করে আদালতে পাঠায় খুলনার পুলিশ। আদালত আত্মীয়দের জিম্মায় ওই ছয় কিশোর-কিশোরীর জামিন দেন। জামিনে থাকা অবস্থায় গৌতম পালিয়ে যায়। এ ঘটনায় গৌতমের জিম্মাদার জামিন বাতিলের জন্য আদালতে আবেদন করেন। আদালত জামিন বাতিল করে অপূর্ব ও আমিনুরকে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্র ও তিন কিশোরীকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডাব্লিউএলএ) শেল্টার হোমে (আশ্রয়ে) পাঠান। ওই কিশোর-কিশোরীরা আদালতে দোষ স্বীকার করলে অভিভাবকের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ডিসেম্বর মাসে আদালতের নির্দেশ পাওয়ার পরে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য মানবাধিকার সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হয়। দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগ করার পরে ট্রাভেল পারমিটের মাধ্যমে অপূর্ব ও আমিনুরকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। তবে তিন কিশোরীকে পাঠানোর জন্য এখনো কাগজপত্রের কাজ শেষ হয়নি। এখনো তারা ঢাকায় বিএনডাব্লিউএলএর শেল্টার হোমে আটক আছে।