কারাভোগের পর সাত বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে নাসাকা
মিয়ানমারে কারাভোগের পর সাত বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা। গতকাল রোববার কোনো চিঠি বা আনুষ্ঠানিকতা ছাড়াই নাসাকা তাঁদের ফেরত পাঠায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে টেকনাফ থানা পুলিশে সোপর্দ করেছে।ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন: চট্টগ্রামের পাহাড়তলীর মুজিবুর রহমানের ছেলে মো. রাসেল, কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্চ্যবাজার এলাকার আলমগীরের ছেলে আবদুর রহিম, রাজার পালং এলাকার মো. সালামের ছেলে ছৈয়দ করিম ও মৃত সোলেমানের ছেলে মো. ইসলাম, বান্দরবানের ঢেয়েরাপাড়া এলাকার মিটুসি মারমার ছেলে সেনটুনে মারমা, কক্সবাজার ঝিলংজার লিংক রোডের রশিদ আহমদের ছেলে মোবারক ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আছারতলির মীর কাশের আলীর ছেলে ছৈয়দ আলম।বিজিবি সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে নাসাকা বাহিনী সাতজন বাংলাদেশিকে ট্রলারে করে নাফ নদীর আড়াই নং স্লুইস গেট এলাকায় এনে পানিতে নামিয়ে দেয়। খবর পেয়ে নয়াপাড়া বিওপির টহলদলের জওয়ানেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে।ছৈয়দ আলম ও সেনটুনে মারমা বলেন, বিভিন্ন সময় সীমান্ত এলাকা থেকে নাসাকা বাহিনী তাঁদের ধরে নিয়ে যায়। পরে সে দেশে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা আরও জানান, মিয়ানমারের বুচিদং কারাগারে বিভিন্ন মেয়াদে আরও ৪৮ জন বাংলাদেশি নাগরিক সাজা ভোগ করছেন। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, মিয়ানমার সরকার কোনো ধরনের চিঠি ছাড়া একটি নৌকায় করে টেকনাফের নাফ নদীর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এনে ওই ব্যক্তিদের নদীতে ঝাঁপ দিতে বাধ্য করে। পরে বিজিবির সদস্যরা তাঁদের আটক করে থানায় সোপর্দ করেন।টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।