কারাম উৎসবে মাতোয়ারা নওগাঁর মহাদেবপুরের নাটশাল মাঠ
কারাম উৎসবকে ঘিরে গতকাল নওগাঁর মহাদেবপুর নাটশাল মাঠে কারাম মেলা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র জাতিসত্তার ওঁরাও সম্প্রদায়ের প্রধান উৎসব কারাম। ওঁরাওদের গ্রামে গ্রামে কারাম বৃক্ষের (খিলকদম) ডাল পূজাকে কেন্দ্র করে এ উৎসবের আয়োজন করা হয়।
নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষার আন্দোলনের অংশ হিসেবে জাতীয় আদিবাসী পরিষদ ১৯৯৬ সাল থেকে মহাদেবপুরের নাটশাল মাঠে আয়োজন করে আসছে কারাম মেলার। কারাম ওঁরাওদের উৎসব হলেও এ মেলায় নওগাঁর মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, বদলগাছিসহ বিভিন্ন উপজেলার ওঁরাও, মুন্ডা, সাঁওতালসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার সম্প্রদায়ের সাংস্কৃতিক সংগঠনগুলো গতকাল এ মেলায় অংশ নেয়। এবার ১৭টি সাংস্কৃতিক দল একসঙ্গে মাঠে নাচ-গান পরিবেশন করে। নাচে-গানে ও ঢোল-মাদলের আওয়াজে মাতোয়ারা হয় নাটশাল মাঠ। মেলাকে কেন্দ্র করে আদিবাসীদের বিরাট সমাবেশও অনুষ্ঠিত হয়।
মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক সুধীর তিরকির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বতন্ত্র সাংসদ সেলিম উদ্দীন তরফদার, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাসদ নেতা জয়নাল আবেদিন, সিপিবি নেতা ময়নুল হক, আতাউল হক সিদ্দিক, আমিন কুজুর, সুবিন মুন্ডা প্রমুখ।
বক্তারা বলেন, কারাম মেলার আয়োজন শুধু নিছক বিনোদনের জন্য করা হয় না। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষার আন্দোলন হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিরও দাবি জানান।
আলোচনা শেষে আদিবাসী সাংস্কৃতিক দলগুলোকে পুরস্কৃত করা হয়।
আগের দিন সন্ধ্যা থেকে নাটশাল ও বকাপুর গ্রামে কারাম পূজার আনুষ্ঠানিকতা শেষে রাতভর গ্রামের আখড়ায় পুঁতে রাখা কারাম ডালকে ঘিরে নাচ-গান অনুষ্ঠিত হয়।
সকালে আখড়া থেকে কারাম ডাল উঠিয়ে গ্রামের কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ সব বয়সের নারী-পুরুষ নেচে-গেয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে শেষে গ্রামের পুকুরে বিসর্জন দেয়।
কারাম উৎসবকে ঘিরে ওঁরাও গ্রামগুলোতে প্রস্তুতি চলে ১৫ থেকে ২০ দিন। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১০-১১টা পর্যন্ত নাচ-গান চলে। ওঁরাওরা এ উৎসবের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে।