কারামুক্ত কিন্তু আশ্রয়হীন
বছরের পর বছর কারাগারের চার দেয়ালের ভেতর কেটেছে তাঁদের। এত দিন জেলখানা ছিল তাঁদের ঠিকানা। গত শুক্রবার তাঁদের দীর্ঘ কারাবাসের অবসান হয়েছে। মুক্ত জীবনে ফিরে অনেকটা ঠিকানাহীন হয়ে পড়েছেন তিন নারী। কারাগার থেকে বেরিয়ে দেখেন তাঁদের জন্য কেউ অপেক্ষা করে নেই। কোথায় যাবেন, সেই চিন্তায় অস্থির ছিলেন তিনজনই। সংসার কী তাঁদের স্বাভাবিকভাবে মেনে নেবে—সে আশঙ্কাই ছিল তাঁদের চোখেমুখে। তাঁরা হলেন বরিশালের হিজলা উপজেলার কাউশিয়া গ্রামের মমতাজ বেগম (৪৫), পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মঞ্জু বেগম (৪৮) ও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আদমকাঠি গ্রামের সুনীতি ওরফে বকুল (৭৪)।বরিশাল কারাগার সূত্র জানায়, সম্প্রতি সারা দেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক হাজার বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তারই অংশ হিসেবে গত শুক্রবার বরিশাল বিভাগে ৫২ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়। মমতাজ বেগম দুই যুগেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন। তিনি জানান, মাত্র ১৭ বছর বয়সে দেড় বছরের মেয়ে ফাতেমাকে কোলে নিয়ে কারাগারে এসেছিলেন। চার বছরের দেবরকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা হয়েছিল তাঁর। জেলে আসার ১১ বছর পর ফাতেমাকে নিয়ে যান স্বামী আ. মান্নান আকন। কারাগারে বসে জানতে পারেন, মেয়ের বিয়ে হয়ে গেছে।গত শুক্রবার জেলগেটে দাঁড়িয়ে মমতাজ বেগম বলেন, ‘আমার জন্য কেউ অপেক্ষায় নেই। জীবনের অনেকটা সময় জেলখানায় কাটিয়েছি। এখন কোথায় যাব জানি না। বাড়িতে গেলে কেউ হয়তো আর মেনে নেবে না। সেই আশঙ্কায় ঢাকার উদ্দেশে পাড়ি জমানোর চিন্তা করছি। সেখানেই কোনো কাজ খুঁজে নেব।’পিরোজপুরের মঞ্জু বেগম জানান, ছেলে হুমায়ুন কবীর তাঁকে বাবার হত্যাকারী হিসেবে চেনে। ছেলের বয়স যখন সাত বছর, তখন তিনি কারাগারে ঢোকেন। তিনি দাবি করেন, ১৯৮৭ সালে স্বামী আ. ছালাম আত্মহত্যা করেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাঁর এবং তাঁর দুই ভাইয়ের নামে হত্যা মামলা করেন। সেই মামলায় তিনিসহ তাঁর দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়। দুই বছর আগে কাশিমপুর কারাগারে এক ভাই শহীদুল ইসলামের মৃত্যু হয়। অন্য ভাই গত বৃহস্পতিবার কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন।মঞ্জু বেগম বলেন, ‘২৫ বছর জেল খেটে যে কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট আজ মুক্ত হয়ে পেয়েছি। ছেলে আমাকে দেখতেও আসেনি। ৩০ বছর বয়সে আমি যখন জেলে আসি, তখন ছেলের বয়স ছিল সাত বছর। দীর্ঘ কারা-জীবনে একবার ওর সঙ্গে দেখা হয়। তখন সে শুধু তিরস্কারই করেছে। আজ ওকে বড় দেখতে ইচ্ছে করছে।’ সন্তানকে দেখতে গিয়ে নারী পাচারের অপরাধে ২৫ বছর কারাভোগ করে মুক্ত জীবনে ফিরেছেন স্বরূপকাঠির সুনীতি। তিনি জানান, ছেলে বঙ্কিম পালিয়ে ভারতের চব্বিশ পরগনায় চলে গিয়েছিল। ছেলেকে ভারতে দেখতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। পরে নারী পাচারের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে এবং আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।