কারামুক্ত হলো সেই শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ হেফাজতি হিসেবে আটক শিশু মো. রিদুয়ানকে ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে আদালতের নির্দেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নগরের রৌফাবাদে ছোটমণি নিবাসে পাঠানো হয়।
‘বাবা দাবিদার দুজন, কারাগারে শিশুটি’ শিরোনামে ৭ আগস্ট প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
জানা গেছে, প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের শিক্ষানবিশ কর্মকর্তা হাসান মাসুদ কারাগারে আটক শিশুটিকে ছোটমণি নিবাসে তাঁদের তত্ত্বাবধানে রাখার জন্য চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত-এ-এলাহীর আদালতে আবেদন করেন। গত বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক শিশুটিকে ছোটমণি নিবাসে পাঠাতে কারা কর্তৃপক্ষকে আদেশ দেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ পাওয়ার পর শিশুটিকে ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।
নিরাপদ হেফাজতি (১০২৫৪) হিসেবে গত ৮ জুলাই থেকে কারাগারে ছিল শিশুটি। জেলার ফটিকছড়ি থানার একটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে তাকে কারাগারে নিরাপদ হেফাজতি হিসেবে রাখতে আদালত নির্দেশ দেন। শিশুটিকে আদালতে হাজির করা হলে দুই ব্যক্তি নুর মোহাম্মদ ও আবু জাফর তাকে তাঁদের ছেলে দাবি করে নিজেদের জিম্মায় দিতে আদালতে আবেদন করেন। কিন্তু দুজনের মধ্যে কে শিশুটির বাবা তা নিশ্চিত না হওয়ায় আদালত কারও জিম্মায় দেননি শিশুটিকে। পরে চট্টগ্রামের বিচারিক হাকিম কুদরত-ই-এলাহী শিশুটির পিতৃত্ব নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষার আদেশ দেন।