কারামুক্তিতে বাধা নেই আরিফুলের

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় সিলেটের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন স্থগিত হয়নি। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন।
|এর ফলে ওই মামলায় আরিফুল হক চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল এবং কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আবদুল হালিম কাফী।
গতকাল রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মামলায় আরিফুলকে জামিন দিয়েছিলেন। ওই জামিন আদেশে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলিরুজ্জামান। আর সাময়িক বরখাস্ত মেয়রের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেন ও আবদুল হালিম কাফী।
আরিফুলের আইনজীবী আবদুল হালিম কাফী বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় হত্যার অভিযোগে একটি এবং বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা করা হয়। হত্যার অভিযোগে করা মামলায় আরিফুল আগে হাইকোর্ট থেকে জামিন পান। আপিল বিভাগে তা বহাল থাকে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া।