কারামুক্তির আগেই জীবন থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরের বশির আহমেদ (৫৫) ও তাঁর ছেলে সাইফুল আলম (৩০)। গত মঙ্গলবার আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। গতকাল বুধবার কারাগারে পৌঁছায় জামিননামা। কিন্তু তার আগে অসুস্থ হয়ে ভোররাতে মারা যান বশির আহমেদ।
বশিরের আইনজীবী জয় বড়ুয়া প্রথম আলোকে জানান, পুত্রবধূর দায়ের করা মামলায় বশির আহমেদ এবং তাঁর ছেলে সাইফুল গত ৭ মার্চ কারাগারে আসেন। জেলা ও দায়রা জজ আদালত মঙ্গলবার তাঁদের জামিন মঞ্জুর করেন। জামিননামা সেদিন কারাগারে পৌঁছায়নি। জামিন পাওয়ার সংবাদ শোনার আগেই তিনি মারা যান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন জানান, গতকাল বেলা ১১টার দিকে বশির ও সাইফুলের জামিননামা কারাগারে আসে। জামিননামা পাওয়ার পরপরই সাইফুলকে মুক্তি দেওয়া হয়। অসুস্থ হওয়ায় ভোররাতে বশিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে বশিরের লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।