কারামুক্তির পর ছাত্রদলের দুই নেতা আবার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে গতকাল মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি সফিউল আলম প্রধান। বিকেলে একই কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল আনোয়ারকে কারাফটকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। কাশিমপুর কারাগারের কারাধ্যক্ষ আবুল বাশার জানান, ঢাকায় গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের নেতাদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি সফিউল আলমের জামিনের কাগজপত্র সোমবার রাতে কারাগারে পৌঁছায়। পরে গতকাল তাঁকে মুক্তি দেওয়া হয়। একই মামলায় ওই কারাগার থেকে বেলা সাড়ে তিনটায় মুক্তি পান আমিরুল ইসলাম ও কামাল আনোয়ার। মুক্তির পরই পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা কারাফটকে তাঁদের অপর একটি মামলায় গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যান।