হবিগঞ্জ জেলা কারাগারে কর্মরত সাইফুল আলম নামের এক কারারক্ষীর মৃত্যু নিয়ে তাঁর পরিবার ও কারা কর্তৃপক্ষের দুই রকম বক্তব্য পাওয়া গেছে। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে বিষপানে হত্যা করা হয়েছে।
সাইফুল গত মঙ্গলবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গতকাল বুধবার তাঁর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে লাশ নিয়ে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, কারাগারের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
হবিগঞ্জ জেলা কারাগার ও সাইফুলের পরিবার সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাইফুল প্রায় এক বছর আগে হবিগঞ্জ জেলা কারাগারে কারারক্ষী হিসেবে যোগ দেন। পাশাপাশি তিনি কারাগারের গোয়েন্দা শাখার সদস্য ছিলেন। গত শনিবার সাইফুল কারা কর্তৃপক্ষের কাছে এক মাসের ছুটি চান। কিন্তু তাঁর ছুটি মঞ্জুর করা হয়নি। এ নিয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি তিনি তাঁর স্ত্রীকে মুঠোফোনে জানিয়েছিলেন। এ ঘটনার পরদিন রোববার হবিগঞ্জ জেলা কারা কর্তৃপক্ষ সাইফুলকে অসুস্থ অবস্থায় হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ সময় বলা হয়, তিনি গলায় ফাঁস দেওয়ার চেষ্টাকালে তাঁকে উদ্ধার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই দিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠায়। সেখানে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সাইফুলের মৃত্যু হয়।
এদিকে গতকাল হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাইফুলের স্ত্রী আকলিমা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারাগারের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে সাইফুলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিরোধ চলে আসছিল। গত শনিবার রাতে তাঁর স্বামীর সঙ্গে মুঠোফোনে শেষ কথা হয় তাঁর। এ সময় সাইফুল বলেছিলেন, তিনি ছুটি চেয়েও পাচ্ছেন না। আকলিমা আরও বলেন, তাঁর স্বামীকে হবিগঞ্জ বা সিলেট হাসপাতালে ভর্তির পর বা মৃত্যুর পরও কারা কর্তৃপক্ষ তাঁকে বা তাঁর পরিবারকে বিষয়টি অবহিত করেনি। সাইফুলের এক বন্ধুর কাছ থেকে মুঠোফোনে তাঁরা মৃত্যুর সংবাদ পেয়েছেন।
সাইফুলের পরিবারের অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শামীম ইকবাল বলেন, গত রোববার সাইফুল কারাগারের ব্যারাকে গ্রিলের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তাঁকে সিলেট মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসকদের বক্তব্য ও কারা কর্তৃপক্ষের বক্তব্যেও গরমিল বিষয়ে জানতে চাইলে তত্ত্বাবধায়ক বলেন, সাইফুলের বিষপানের বিষয়টি হবিগঞ্জের চিকিৎসকেরা তাঁদের ধারণা দেননি। তবে সিলেটের চিকিৎসকেরা মৃত্যুর মূল কারণ ধরতে পেরেছেন।