কারাস্মৃতি পুনঃপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা কমবেশি আমাদের জানা। কিন্তু আমাদের দেশেও একই কায়দায় একটি হত্যাকাণ্ড হয়েছিল—এটা আমরা কজন জানি?
১৯১৯ সালে ভারতের পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক এক বদ্ধ উদ্যানে ব্রিটিশবিরোধী আন্দোলনকারী জনতার উদ্দেশে গুলির আদেশ দেন সেনা কর্মকর্তা রেগিনাল্ড ডায়ার। আর ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে পাকিস্তানি শাসকদের নির্দেশে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়। মারা যান সাতজন রাজবন্দী। গুরুতর আহত হন আরও ২৯ জন। এঁদেরই একজন ছিলেন কমরেড আবদুশ শহীদ। তাঁর লেখা কারাস্মৃতি বইটিতে উঠে এসেছে সে ইতিহাস।
গতকাল ৮ সেপ্টেম্বর, সোমবার ছিল আবদুশ শহীদের ১৮তম মৃত্যুবার্ষিকী। এদিনটিকেই তাঁর মেয়েরা বেছে নিলেন বইটি পুনঃপ্রকাশের জন্য। বড় মেয়ে সামিম আরা তানিয়ার প্রকাশনায় বইটি পরিবেশন করছে প্রকাশনা সংস্থা জনান্তিক। প্রকাশনা অনুষ্ঠানটি হলো মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।
পাকিস্তান জন্মের কিছু সময় পরেই ১৯৪৮ সালে প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় গ্রেপ্তার করা হয় আবদুশ শহীদকে। তারপর সাত বছরের কারাজীবন—সে স্মৃতি ঘিরে এ বই। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বললেন, বইটিতে আবদুশ শহীদ বিভিন্ন সময়ে বাম আন্দোলনের বিচ্যুতিগুলো নিয়ে লিখেছেন। তবে দলের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত থাকলেও কখনো সেটি অমান্য করেননি।
প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, বইটিতে কারাগারের ভেতরে সংগ্রাম, সংগ্রামের অর্জন, আত্মত্যাগের বিবরণে উঠে এসেছে তখনকার সমাজ, সংস্কৃতি, রাজনীতি।
প্রকাশনা অনুষ্ঠানের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, সাম্প্রদায়িকতা, অন্যায়, অনৈক্যের বিরুদ্ধে আবদুশ শহীদরা লড়াই করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তাঁদের কাছ থেকে কোনো শিক্ষা নেয়নি পরবর্তী প্রজন্ম।­