কারিগরসংকটে লাচ্ছা সেমাই ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় লাচ্ছা সেমাই তৈরির কাজ চলছে পুরোদমে। এ অবস্থায় কারিগরসংকটে পড়েছেন লাচ্ছা সেমাই ব্যবসায়ীরা। আর কারিগরেরা মওকা বুঝে ইচ্ছেমতো মজুরি হাঁকছেন।
ফলে ঈদ মৌসুমে দৈনিক মজুরির হার ১০০ টাকা পর্যন্ত বাড়িয়েও অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছেন লাচ্ছা সেমাই ব্যবসায়ীরা। ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে ওই মজুরির হার।
সেমাই ব্যবসায়ী তোফাজ্জল হোসেন (৫০) বলেন, বর্তমানে অবস্থা এমন পর্যায়ে গেছে যে বর্ধিত মজুরির হার মেনে নিয়েও প্রয়োজনীয় সংখ্যক কারিগরের অভাবে অনেক ‘অর্ডার’ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।
উপজেলার চার-পাঁচজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে রমজান মাসে লাচ্ছা সেমাই তৈরি করে বিক্রি করে আসছেন। দিন দিন এ ব্যবসার প্রসার ঘটছে। এখানকার লাচ্ছা সেমাইয়ের মান ভালো রাখতে ভালো মানের ময়দা ও তেল ব্যবহার করা হয়। এ কারণে এই উপজেলার লাচ্ছা সেমাইয়ের সুনাম রয়েছে বেশ। প্রতি কেজি লাচ্ছা সেমাই ১০০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এর চেয়ে বেশি দামের লাচ্ছা সেমাইও তৈরি করা হয় চাহিদা জানালে। রোজা শুরুর এক সপ্তাহ পর থেকে লাচ্ছা সেমাই তৈরির কাজ শুরু হয়। আর এ সময়টাতে এসেই প্রয়োজনীয় দক্ষ কারিগর পাওয়া যাচ্ছে না।
লাচ্ছা সেমাই তৈরির কয়েকজন কারিগরের সঙ্গে কথা বলে জানা যায়, লাচ্ছা সেমাই তৈরি হাতের কাজ। হাত পাকাতে দীর্ঘদিন লেগে যায়। তাই বছরের ২০ দিনের এই ব্যবসায় নতুন করে কেউ আসতে চান না। ফলে দক্ষ কারিগরের সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে লাচ্ছা সেমাই তৈরির কাজ। এখন প্রতিটি পাড়া-মহল্লায় মানুষ লাচ্ছা সেমাই তৈরি করে নেন। ফলে এ সময়টায় কারিগরদের প্রচুর চাহিদা।
কারিগর একরাম হোসেন (৪০) বলেন, ‘অন্য সময় হামি চানাচুর বানানোর শ্রমিক হিসেবে কাজ করি। শুধু এই মাসটাত অ্যাসা হামি লাচ্ছা সেমাই বানাই। আগে আয় কম হচ্ছিল। একন পুতিদিন ৫০০ ট্যাকা কর্যা আয় হয়।’
কারিগর তালেব আলী (২৮) বলেন, ‘লাচ্ছা সেমাই বানানোর কাজ কর্যা সারা বছর প্যাট ভরে না। তাই কয়েকটা দিনের এ কাজোত দাম তো অ্যানা বেশি দেওয়ায় লাগবিই।’
উপজেলা সদরের ব্যবসায়ী এহসানুল করিম (৪৫) বলেন, ‘গত বছর এক বস্তা ময়দার (৭৮ কেজি) সেমাই করে নিতে কারিগরদের দিতে হয়েছে ১ হাজার ৬০০ টাকা। এবার লাগছে কমপক্ষে ২ হাজার টাকা।’