কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ শুরু আজ
‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের জামাল খানে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে শিক্ষা সপ্তাহ উদ্যাপনের গুরুত্ব এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন চট্টগ্রাম বিভাগীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১৪ উদ্যাপন কমিটির সদস্যসচিব এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ আহসান হাবিব।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যাপন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ছালেহ আহমদ, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রেহান উদ্দীন, প্রগ্রেসিভ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ইসমাইল, কন্টিনেন্টাল মেডিকেল টেকনোলজির উপাধ্যক্ষ ছরওয়ার আলম৷
এর আগে কারিগরি শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন৷