কারিগরি ত্রুটি ও মানুষের ভুলে গ্রিড বিপর্যয়
কারিগরি ত্রুটির সঙ্গে দায়িত্ব পালনরত কয়েকজন কর্মকর্তার ভুলের (হিউম্যান এরর) কারণে ১ নভেম্বর জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় ঘটেছিল। এ ঘটনা তদন্তে গঠিত কমিটি এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছে, তার ভিত্তিতে এই ধারণায় উপনীত হয়েছে। তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
সরকারি-বেসরকারি প্রায় ৮০টি কেন্দ্র ও ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে দেওয়ার দায়িত্ব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)। আর এই বিদ্যুতের সঞ্চালন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। এই দুটি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব হলে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন কার্যক্রম বিঘ্নিত হবেই। গত শনিবারও তেমন কোনো ঘটনা ঘটেছিল বলে কমিটির মনে হচ্ছে। তবে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত না করা পর্যন্ত প্রকাশ্যে কমিটি কোনো কথাই বলতে চায় না।
গতকাল বুধবার তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। কারণ, কমিটির কাজ এখনো শেষ হয়নি। মাঠপর্যায়ে তাদের কাজ শেষ হয়নি। তাই প্রতিবেদন দিতে সময় লাগবে এবং আজ বৃহস্পতিবার কমিটি সময় বাড়ানোর আবেদন করবে।
তবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেছেন, আজ অথবা কাল নাগাদ কমিটি একটি সাময়িক প্রতিবেদন দিতে পারে। গতকাল বিকেলে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, তদন্ত কমিটি সরেজমিনে শনিবারের ঘটনা যাচাই করছে। কারিগরি ত্রুটির পাশাপাশি কর্মকর্তাদের ভুল ছিল কি না, ভবিষ্যতে কীভাবে এ ধরনের ভুল এড়ানো যাবে, এসব বিষয়ই কমিটির প্রতিবেদনে সুপারিশ হিসেবে থাকবে। এ ছাড়া গ্রিড উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নির্ধারণের জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চালানো হচ্ছে। এক সপ্তাহের মধ্যে পরামর্শকের কার্যপরিধি চূড়ান্ত করা হবে।
গ্রিড বিপর্যয়ের কারণ খুঁজতে গতকাল তদন্ত কমিটি আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছে। কমিটির সদস্যরা গত মঙ্গলবার ভেড়ামারা গ্রিড উপকেন্দ্র পরিদর্শন করেছেন। এই উপকেন্দ্রের মাধ্যমে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হয়।
এর আগে গত সোমবার ঢাকায় বসে তদন্ত কমিটি সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের মধ্যে চারজন জাতীয় লোড ডেসপাচ কেন্দ্রের (এনএলডিসি) ও তিনজন ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের। ওই দিনই ভেড়ামারাসহ কয়েকটি গ্রিড উপকেন্দ্রের ‘ফল্ট রেকর্ডার’-এর তথ্য চেয়ে এনে তা পর্যালোচনা করা হয়।