৩৪ ও ৩৫তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে শূন্যপদে কোটা শিথিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে মুক্তিযোদ্ধা, নারী কিংবা নৃতাত্ত্বিক কোটায় কাউকে না পাওয়া গেলে মেধাতালিকা থেকে শূন্যস্থান পূরণ করা হবে।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, নিয়োগ হয়ে যাওয়া ৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদ রয়েছে। এই পদগুলো ৩৫তম বিসিএসের মেধাতালিকা থেকে অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা হবে। অন্যদিকে লিখিত পরীক্ষা হয়ে যাওয়া ৩৫তম বিসিএসে মোট ১ হাজার ৮০৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসেও কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে যোগ্য লোক না পাওয়া গেলে সেগুলোও এই বিসিএসের মেধাতালিকা থেকে পূরণ করা হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা, নারী, নৃতাত্ত্বিক ইত্যাদি কোটার বিপরীতে যোগ্য লোক পাওয়া যাচ্ছে না। এ কারণে পদ শূন্য থেকে যাচ্ছে। এতে সংকট তৈরি হয়েছে। এসব পদ পূরণে মন্ত্রিসভা থেকে অনুমোদন নেওয়া হলো।