কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি ইংরেজি শিখতে হবে: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ছবি: প্রথম আলো
নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ছবি: প্রথম আলো

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি ইংরেজি ভাষা শিখতে হবে। কারিগরি প্রশিক্ষণ নিয়ে ইংরেজি শিখে বিদেশে গেলে কথাবার্তা বলতে সুবিধা হয়।
আজ শুক্রবার সকালে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।
শহরের কুখাপাড়া চেতাশাহর ঘুণ্টি এলাকায় নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, নীলফামারী থেকে প্রশিক্ষণ নেওয়া অন্তত ২০ হাজার কর্মীকে আমরা এ বছরই বিদেশে নিয়ে যাব।
জেলা প্রশাসক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক প্রমুখ।

এর আগে দুই মন্ত্রী ফলক উন্মোচন করে প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সেখানে দুটি গাছের চারা রোপণ করেন তাঁরা।
গণপূর্ত বিভাগ নীলফামারীর উপবিভাগীয় প্রকৌশলী তৌহিদুজ্জামান জানান, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে দুই একর জমির ওপর প্রায় পৌনে ২২ কোটি টাকা ব্যয়ে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সূত্র জানায়, প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে পাঁচটি কোর্স চালু আছে। গার্মেন্টস ট্রেড নামের একটি কোর্স শিগগিরই চালু হবে।