কারিগরি বোর্ডের ভুলে ৩০০ শিক্ষার্থী বিপাকে!
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চার বছর মেয়াদি পাওয়ার ও ইলেকট্রিক্যাল বিভাগের সুইচ গিয়ার অ্যান্ড প্রটেকশন বিষয়ের পর্ব সমাপনী পরীক্ষায় একই কেন্দ্রের ২৪৩ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। এঁরা সবাই যশোর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে পরীক্ষা দেন। একই সঙ্গে ওই কেন্দ্রের একটি কক্ষের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট দ্বিতীয় পাঠ বিষয়ের আরও ৪৫ জন পরীক্ষার্থীর সবার ফলাফল রেফার্ড (অকৃতকার্য) দেখানো হয়েছে।
এ ফলাফলকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে ফলাফল পুনর্মূল্যায়ন ও কারিগরি শিক্ষা বোর্ডের কার্যক্রম বিকেন্দ্রীকরণের দাবিতে গতকাল রোববার যশোর পলিটেকনিকের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। একই দাবিতে শনিবার তাঁরা যশোর প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার মানববন্ধন করেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, ‘কোনো বিষয়ের পরীক্ষায় একটি কেন্দ্রের সবার অকৃতকার্য হওয়ার বিষয়টি নজিরবিহীন। তা ছাড়া যে বিষয়টির ক্ষেত্রে এমন হয়েছে, সে বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র বেশ সহজ ছিল। যেখানে ওই বিষয়ে শতভাগ কৃতকার্য হওয়ার কথা সেখানে শতভাগ অকৃতকার্য দেখানো হয়েছে। এ ছাড়া কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষা দেওয়া সিভিল ও ইলেকট্রনিক্স বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট দ্বিতীয় পাঠের সবার ফলাফল রেফার্ড দেখানো হয়। গোটা বিষয়টিই শিক্ষা বোর্ডের ফলাফল ব্যবস্থাপনার ত্রুটি বলে আমরা বিশ্বাস করি। বোর্ডের এ ত্রুটির কারণে আমরা উচ্চশিক্ষার জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বসতে পারছি না। অনেকের চাকরি পাওয়া অনিিশ্চত হয়ে পড়েছে। যে কারণে অন্তত ৩০০ মেধাবী শিক্ষার্থীর এক বছর নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।’ তাঁরা অবিলম্বে ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানান৷ একই সঙ্গে স্মারকলিপিতে বাংলাদেশের একমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের কার্যক্রম বিকেন্দ্রীকরণেরও দাবি জানানো হয়।
এ ব্যাপারে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও কেন্দ্রসচির সামসুল আলম বলেন, তাঁর কেন্দ্রে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এবং আরও দুটি বেসরকারি পলিটেকনিকসহ মোট তিনটি প্রতিষ্ঠানের ২৪৩ জন পরীক্ষার্থী সুইচ গিয়ার অ্যান্ড প্রটেকশন বিষয়ে পরীক্ষা দেন। এঁদের সবার ফলাফল অকৃতকার্য এসেছে। এ ছাড়া কেন্দ্রের একটি হলের এক বিষয়ের সবার ফলাফল রেফার্ড দেখানো হয়েছে।
এযাবৎকালে কখনো এমন হয়নি। এটি বোর্ডের পরীক্ষক-নিরীক্ষক ও ফলাফল প্রক্রিয়ার সঙ্গে যাঁরা সম্পৃক্ত তাঁদের ত্রুটি হয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা), কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে। তাঁদের পরামর্শ অনুযায়ী এ বিষয়ে একটি লিখিত প্রতিবেদন বোর্ডে পাঠানো হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরফিকুল ইসলাম মীর গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমরা সবগুলো খাতা পরীক্ষা করে দেখছি৷’