কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৭২ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার বেড়েছে। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৮২ দশমিক ৭২ শতাংশ। ৭৭ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৪ হাজার ৫০১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭২ জন।গতকাল শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গত বছর কারিগরি বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৯০ শতাংশ। ২০০৮ সালে ছিল ৬২ দশমিক ৮৮ শতাংশ। কারিগরি বোর্ডের অধীনে এ বছর ৫৫ হাজার ৩২৩ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। পাস করে ৪৫ হাজার ৭১১ জন। পাসের হার ৮২ দশমিক ৬৩ শতাংশ। ৫৯ জন ছাত্র এবার জিপিএ-৫ পেয়েছে।অন্যদিকে ২২ হাজার ৬৫৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৭৯০ জন। পাসের হার ৮২ দশমিক ৯৪ শতাংশ। ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।পাসের হারে সেরা ১০পাসের হারের দিক থেকে সারা দেশে প্রথম হয়েছে দিনাজপুরের বিরলের সিঙ্গোল হামিদ হামিদা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টির ৫৮ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা যশোরের শরাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫ শিক্ষার্থীই পাস করেছে। তৃতীয় হয়েছে সাভারের সোসাইটি অব সোশ্যাল রিফর্ম উচ্চবিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৫৮ জন পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া ময়মনসিংহের উচাখিলা এম এল উচ্চবিদ্যালয় চতুর্থ, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পঞ্চম ও সোনারগাঁওয়ের হোসেইনপুর এস পি ইউনিয়ন উচ্চবিদ্যালয় ষষ্ঠ, কুমিল্লার পূর্বহুরা উচ্চবিদ্যালয় সপ্তম ও হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় অষ্টম, ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চবিদ্যালয় নবম এবং একই জেলার ধানিখোলা টেকনিক্যাল ও কমার্শিয়াল কলেজ দশম হয়েছে। জিপিএ-৫ প্রাপ্তিতে সেরা ১০জিপিএ-৫-এর দিক দিয়ে দেশের সেরা হয়েছে মিরপুরের ইউসেপ ঢাকা টেকনিক্যাল স্কুল। প্রতিষ্ঠানটির ৬১ জন পরীক্ষার্থীর ১০ জন, খুলনার ইউসেপ মহসিন টেকনিক্যাল স্কুলের পাঁচজন, চট্টগ্রামের এ কে খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের চারজন এবং সাভারের সোসাইটি অব সোশ্যাল রিফর্ম উচ্চবিদ্যালয়ের তিনজন জিপিএ-৫ পেয়েছে।এ ছাড়া ফরিদপুরের মুন্সিরবাজার উচ্চবিদ্যালয়ের তিনজন, নোয়াখালীর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের দুজন, চট্টগ্রামের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের দুজন, টাঙ্গাইলের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের দুজন, সন্দ্বীপের পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চবিদ্যালয়ের দুজন এবং খুলনার বাংলাবাসী উচ্চবিদ্যালয়ের দুজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।