কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সমমানের পরীক্ষায় পাসের হারে এ বছর মেয়েরা এগিয়ে আছেন। এই বোর্ডে মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৮৩ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৯৩। বোর্ডে মোট পাসের হার ৭৯ দশমিক ৫৭। এই বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ২০২ জন।গতকাল বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (বিএম), ডিপ্লোমা ইন কমার্স ও এইচএসসি-ভোকেশনাল পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়। সারা দেশের এক হাজার ২৩১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭০ হাজার ৫০৪ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৫৬ হাজার ১০১ জন। এর মধ্যে ২৩ হাজার ৭৮২ জন ছাত্রীর মধ্যে ১৯ হাজার ২২২ জন এবং ৪৬ হাজার ৭২২ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ৩৬ হাজার ৮৭৯ জন।কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম)-এ পরীক্ষার্থী ছিলেন ৬৩ হাজার ৬৭১ জন, পাস করেছেন ৫২ হাজার ৫১৮ জন। পাসের হার ৮২ দশমিক ৪৮। ডিপ্লোমা ইন কমার্সে ৩৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৫১ জন। এই বিভাগে পাসের হার ৬৩ দশমিক ৩৮ শতাংশ। এইচএসসি ভোকেশনালে মোট ছয় হাজার ৪৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে তিন হাজার ৩৩২ জন পাস করেন। পাসের হার ৫১ দশমিক ৭৬।কারিগরি বোর্ডে এবার ১০৬টি প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। দুটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি।সেরা ২০: কারিগরি শিক্ষা বোর্ডে সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কুমিল্লার আবেদা নূর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। এরপর পর্যায়ক্রমে আছে জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (নীলফামারী), আলীনগর টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল কলেজ (ময়মনসিংহ), তারাগঞ্জ কারিগরি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ (রংপুর), বয়রা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ (বগুড়া), চাপারহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ (লালমনিরহাট), সাতবাড়িয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ (নওগাঁ), আতাহার উদ্দিন হাওলাদার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ (বরিশাল), কালিয়াকৈর ডিগ্রি কলেজ (গাজীপুর), কালিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজ (মানিকগঞ্জ), ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (নীলফামারী), বিহারীলাল শিকদার কলেজ (মাগুরা), ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ (পটুয়াখালী), গ্রামবাংলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজ (টাঙ্গাইল), নুতুন কোহেলা কলেজ (টাঙ্গাইল), ভেড়ামারা কলেজ (কুষ্টিয়া), বামৈল হাইস্কুল অ্যান্ড কলেজ (ডেমরা, ঢাকা), পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ (দিনাজপুর), হাজী আবু হাশেম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ (টাঙ্গাইল) এবং বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (নাটোর)।ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ: ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক সমমানের ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ পরীক্ষায় পাসের হার বেড়েছে। এ বছর এ পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ৬০ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৯ দশমিক ৮৭।এ বছর ১৮টি প্রতিষ্ঠান থেকে মোট তিন হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী অংশ নেন। পাস করেন তিন হাজার ৭০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন।