কারিগরি শিক্ষা নিয়ে কক্সবাজারে সেমিনার
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা নিয়ে গতকাল রোববার কক্সবাজারে আঞ্চলিক সেমিনার হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী, প্রকৌশলী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।
বিয়াম ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান মিয়া। সেমিনারে অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রমুখ।
বাংলাদেশ সরকার, কানাডা ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের শুরুতে বাংলাদেশে কারিগরি শিক্ষার চালচিত্র নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন স্টেপ-এর প্রকল্প পরিচালক মো. ইমরান। প্রবন্ধে তিনি বলেন, দেশে কারিগরি শিক্ষা এগিয়ে নিতে হলে জরিপ দরকার। বাজারের চাহিদা নির্ণয় করা সম্ভব না হলে বিশ্বের সঙ্গে তাল মেলানো কঠিন হবে।
সেমিনারে বক্তারা কারিগরি শিক্ষার বিভিন্ন সমস্যা ও সুপারিশ তুলে ধরেন। সভায় কারিগরি শিক্ষার ভূমিকার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুর নানিয়ান কলেজের শিক্ষক তেসী ফোম ফং।