কারিগরি শিক্ষা নিয়ে কেউ বেকার নেই: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষা যুবসমাজের চাকরি ও আত্মকর্মসংস্থানের অপূর্ব সুযোগ সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষা লাভ করে হাজার হাজার ছেলেমেয়ে বেকার থাকলেও কারিগরি শিক্ষা বা প্রশিক্ষণ গ্রহণ করে কেউ বেকার নেই। পাস করার সঙ্গে সঙ্গে চাকরি পান। দক্ষতা অর্জন করতে পারলে কারিগরি শিক্ষায় শিক্ষিত লোকদের চাকরি খুঁজতে হবে না, চাকরিই তাঁদের খুঁজে বের করবে।
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের মাধ্যমে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণে বিশ্বব্যাংকের নতুন করে ১০০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া উপলক্ষে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা সরকারের অগ্রাধিকার খাত। কারিগরি শিক্ষা এই অগ্রাধিকারের সর্বোচ্চ অগ্রাধিকার খাত। তিনি বলেন, সরকার কারিগরি কোর্স কারিকুলাম যুগোপযোগী করেছে। সরকারি পলিটেকনিকসমূহে ডাবল শিফট চালু করা হয়েছে।
শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম সামছুন নাহার, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অশোক কুমার বিশ্বাস ও প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইমরান বক্তব্য দেন।