কারিগরি শিক্ষা বোর্ডে মেয়েরা এগিয়ে
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০১১ সালের উচ্চমাধ্যমিক সমমানের পরীক্ষায় পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছেন। এবার এই বোর্ডে মেয়েদের পাসের হার ৮৫ দশমিক ৯৬ শতাংশ। ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৬২ শতাংশ। বোর্ডে মোট পাসের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ।গতকাল বুধবার এইচএসসি পরীক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (বিএম), ডিপ্লোমা ইন কমার্স ও এইচএসসি-ভোকেশনাল পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়।এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক সমমানের পরীক্ষায় সারা দেশে মোট ৬৮ হাজার ৯৬১ জন অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫৬ হাজার ৭৮১ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৬ হাজার ৭৭৯ জন ছাত্র। তাঁদের মধ্যে পাস করেছেন ৩৭ হাজার ৭১৪ জন। অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ২২ হাজার ১৮২ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ১৯ হাজার ৬৭ জন।এইচএসসি (বিএম) পরীক্ষার্থী ছিলেন ৬২ হাজার ৬৫৪ জন; পাস করেছেন ৫২ হাজার ৬৬২ জন। তাঁদের মধ্যে ছাত্র ৩৪ হাজার ৯৯ জন এবং ছাত্রী ১৮ হাজার ৫৬৩ জন। পাসের হার ৮৪ দশমিক ০৫ শতাংশ। ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা দিয়েছেন ৩৬৪ জন; পাস করেছেন ৩০৪ জন। পাসের হার ৮৩ দশমিক ৫২ শতাংশ। এইচএসসি-ভোকেশনালে মোট পাঁচ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন তিন হাজার ৮১৫ জন। পাসের হার ৬৪ দশমিক ১৯ শতাংশ।সেরা ১০: এই বোর্ডে সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কুমিল্লার আবেদা নূর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। এরপর পর্যায়ক্রমে আছে—রংপুরের তারাগঞ্জ কারিগরি ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজ, রাজশাহীর বাঘা মহিলা বাণিজ্যিক কলেজ ও ভোকেশনাল ইনস্টিটিউট, দিনাজপুরের খানসামার পাকেরহাট সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল কলেজ, বগুড়ার সোনাতলার বয়রা কারিগরি স্কুল ও কলেজ, রাজশাহীর রাজপাড়ার সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজ, বগুড়ার শিবগঞ্জের তোজাম্মেল হোসেন মেমোরিয়াল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, নীলফামারীর জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আলী নগর টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল কলেজ।