কারিগরি শিক্ষার বিকল্প নেই: সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, মানুষের কল্যাণে নিজেকে বিবেচিত করতে চাইলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার রাঙামাটি সদর সেনা জোনে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়, তার বাইরেও অনেক কিছুর শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সানাউল হক বলেন, সেনাবাহিনী মৌলিক কার্যক্রমের পাশাপাশি সমাজের উন্নয়নে ভূমিকা রাখছে। বাংলাদেশে বর্তমান পরিপ্রেক্ষিতে কম্পিউটার প্রশিক্ষণ খুবই উপযোগী উদ্যোগ।
জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, সেনাবাহিনী দেশে নিরাপত্তার পাশাপাশি সমাজ গঠনে এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টির কাজে নিয়োজিত। সব কারিগরি প্রশিক্ষণে নারীদের সমমর্যাদা দেওয়া জরুরি। নারীদের ঘরে বসিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়।
রাঙামাটি সদর সেনা জোনের হলরুমে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাঈমুল ইসলাম খান। উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর ও রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন। অনুষ্ঠানে ২০১ জন প্রশিক্ষণার্থীকে সনদ দেওয়া হয়। ২০১২ সাল থেকে মোট ২৩টি ব্যাচে ৪৭৩ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।