কারিগরি স্কুল-কলেজের এক হাজার ২২৩ জনবল রাজস্ব খাতে স্থানান্তর
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি স্কুল ও কলেজের এক হাজার ২২৩ জন শিক্ষক ও কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে। গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বাজেটে স্থানান্তর-সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৯৬ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেকে) অনুমোদিত এসএসসি ও এইচএসসি (ভোকেশনাল) কোর্স প্রবর্তনের লক্ষ্যে ১৩টি নতুন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) এবং বিদ্যমান ভিটিআইসমূহের সংস্কার ও উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প শুরু হয়। ২০০৪ সালে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার পর সমস্ত জনবল রাজস্ব খাতে হস্তান্তরের শর্ত ছিল। কিন্তু ২০০৪ সালের পর থেকে এত দিন তা ঝুলিয়ে রাখা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কারিগরি স্কুল শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন সমাপ্ত উন্নয়ন প্রকল্পের পদ রাজস্ব বাজেটে স্থানান্তর-সম্পর্কিত স্থায়ী কমিটিতে উত্থাপন করা হয়।