কারিগরিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি সমমানের ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ও সর্বোচ্চ ভালো ফলের সূচক জিপিএ-৫ দুটিই গতবারের চেয়ে কমেছে। পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে।
গতকাল বৃহস্পতিবার এসএসসির সঙ্গে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা যায়, এ বছর এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ১১ শতাংশ। এ বছর পাসের হার কমেছে ৪ দশমিক ৪২ শতাংশ।
পাসের হারের মতো কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। এ বছর ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ৪ হাজার ১৮৭ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৯৭ জন।
এ বছর এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট অংশ নেয় ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। পাস করেছে ৮৩ হাজার ৬০৩ জন। এসএসসি ভোকেশনালে ৭৭ হাজার ৭৬৬ জন ছাত্র পরীক্ষা দিয়ে পাস করেছে ৬০ হাজার ৩৩৬ জন। পাসের হার ৭৭ দশমিক ৫৯ শতাংশ। ২৬ হাজার ৩৪০ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ৬২২ জন। পাসের হার ৮২ দশমিক শূন্য ৯ শতাংশ।