কারিগরিতে ভালো করেছে শিক্ষার্থীরা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় এবার শিক্ষার্থীরা গতবারের চেয়ে ভালো ফল করেছে। এ বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে।
গতকাল বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, এবার কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ১১ শতাংশ, যা গতবারের চেয়ে দশমিক ১০ শতাংশ বেড়েছে। গতবার পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য এক শতাংশ। এবার ভালো ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯৭ জন। গতবার পেয়েছিল ৬ হাজার ৯৩২ জন।
কারিগরি শিক্ষা বোর্ডে এবার পরীক্ষা দিয়েছিল ৯৮ হাজার ৫৮১ জন। এর মধ্যে পাস করেছে ৮১ হাজার ৯২৮ জন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তাঁরা কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছেন। সরকারের লক্ষ্য হলো ২০২০ সালের মধ্যে দেশের মোট শিক্ষার্থীর ২০ শতাংশকে কারিগরি শিক্ষায় নিয়ে আসা।