একদিকে বালু নদ, অন্যদিকে শাপলা বিল। মাঝে ছোট্ট একটি গাঁ, নাম বীরতুল। গাজীপুরের ঢাকা বাইপাস রোডের কালীগঞ্জ অংশের উলুখলা বাজার থেকে বীরতুলের দূরত্ব এক কিলোমিটার। কৃষিপ্রধান এলাকা হলেও নারীরা সে কাজে যান না। তাঁরা বানান দোলনা। এই দোলনা বানিয়েই ঘুরে দাঁড়িয়েছেন বীরতুলের নারীরা। পরিবারে এনেছেন সচ্ছলতা, নিজেরা হয়েছেন আত্মনির্ভরশীল।গাঁয়ের প্রায় ১০০ নারী দোলনা বানান এখন। তাঁদের এই পথে এনেছেন লতিফা বেগম (৩৭)। শুধু বাঁশ, রং আর সুতা দিয়ে শিশুদের জন্য দোলনা বানিয়ে সাফল্য ও সম্ভাবনার নতুন পথের দিশা দিয়েছেন তিনি।শুরুটা কারিনার, পরে লতিফা: ১৫-১৬ বছর আগের কথা। বীরতুলের কারিনা বেগমের বড় ভাই কাদের মোল্লা ঢাকার একটি প্রতিষ্ঠানে দোলনা তৈরির কাজ শেখেন। ভাইয়ের কাছ থেকেই দোলনা তৈরির কায়দা রপ্ত করেন কারিনা। বছর দশেক আগে গাঁয়ে প্রথম তিনিই দোলনা তৈরি করেন। তাঁর কাছ থেকে কাজ শেখেন প্রতিবেশী লতিফা। কাজটি শিখে তিনি বসে থাকেননি। পাড়া-প্রতিবেশী আর-দশজন নারীকে শিখিয়েছেন। বাজারজাত করার কৌশল বের করেছেন। ধীরে ধীরে কাজটি ছড়িয়ে পড়েছে গাঁয়ের ভূঁইয়াপাড়া, মোল্লাপাড়া, সরকারপাড়া ও হিন্দুপাড়ার নারীদের মধ্যেও।ঘরকন্নার ফাঁকেই চলে দোলনা তৈরি: সম্প্রতি কালীগঞ্জ উপজেলার ওই গাঁয়ে ঢুকে চোখে পড়ে কারিনার বাড়ি। কারিনা রান্নাঘরের পাশে একটি অসমাপ্ত দোলনা ঝুলিয়ে রেখেছেন। একদিকে রান্না করছেন, ফুরসত পেলেই ছুটে যাচ্ছেন দোলনা তৈরির কাজে। তাঁর বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর এগোলেই দেখা যায় লতিফার বাড়ি। উঠানে বাঁশের আড়ে কয়েকটি দোলনা ঝুলতে দেখা গেল। একপাশে বাঁশের তৈরি চাক এবং রং-বেরঙের অনেক সুতা। আগন্তুক দেখে এগিয়ে আসেন লতিফা, কথা হয় তাঁর সঙ্গে।যেভাবে তৈরি হয়: লতিফা জানালেন, একটি দোলনা তৈরি করতে সাধারণত সুতা, বাঁশ, রং ও সুতলির প্রয়োজন হয়। যার সবই খুব সহজে স্থানীয় বাজারে পাওয়া যায়। এ ছাড়া নরসিংদীর বাবুবাজার ছাড়াও দেশের বড় কাপড়-সুতার বাজার থেকে লাল-নীল-সবুজ-হলুদ নানা রঙের সুতা কিনে আনা হয়। শুরুতে একটি মাঝারি আকারের বাঁশ দিয়ে ১৫-১৬টি গোল আকারের চাক তৈরি করতে হয়। চাকের মধ্যে সুতলি পেঁচিয়ে সৌন্দর্য বাড়ানো হয়। প্রতিটি দোলনায় দুটি করে চাক লাগে। বাজার থেকে কেনা সুতা ইচ্ছেমতো রং করে শুকিয়ে নিতে হবে। পরে সেগুলো দিয়ে হাতল (যার মধ্যে ঝুলে থাকে), চারদিকের জাল বুনান হয় এবং দোলনার নিচের অংশের কাজ করতে হয়। সবশেষে বিভিন্ন অংশ একত্রে জুড়ে দিলেই হয়ে যায় বাহারি দোলনা।লতিফার বাড়িতে কাজ করেন ১১ জন কারিগর। সবাই তাঁর প্রতিবেশী। তিনি জানান, সংসারে তাঁর স্বামী, এক ছেলে ও এক মেয়ে আছে। ছেলেমেয়েরা পড়াশোনা করে। সংসারের সব খরচই চলে দোলনা বিক্রির টাকায়।খরচাপাতি ও বিক্রি: চাক-দোলনা, চেয়ার-দোলনা ইত্যাদি নানা নামের ও আকৃতির দোলনা বানান এখানকার কারিগরেরা। ২০০-৩৫০ টাকা দামে বিক্রি হয় প্রতিটি দোলনা। আদরের শিশুর জন্য পছন্দ হলে কেউ কেউ আবার দামের ধার ধারেন না, বেশি দামেও কিনে ফেলেন। গুণগত মান ভালো হওয়ায় রাজধানী ঢাকার অভিজাত অনেক ব্যবসায়ী আগাম দাম দিয়ে তৈরি করিয়ে নেন প্রচুর দোলনা। এ ছাড়া ঢাকা, সাভার, নবীনগর, মিরপুর, ধামরাই ও ময়মনসিংহ এলাকার ব্যবসায়ীরা পাইকারি কিনে নিয়ে যান।সহায়তার প্রস্তাব: নাগারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ মিয়া প্রথম আলোকে বলেন, ‘দোলনা তৈরি আমাদের গ্রামের একটি ঐতিহ্য। এটি গ্রামকে নতুন পরিচিতি দিয়েছে। আগে একটি এনজিও নারীদের সহযোগিতা দিত, বর্তমানে সেটি নেই। এখনো যে পরিবারগুলো দোলনা তৈরি করে, তাদের সরকারিভাবে ঋণ দেওয়া, প্রশিক্ষণের ব্যবস্থা এবং বাজার তৈরি করে দেওয়া হলে তারা আরও এগিয়ে যাবে।’